চালের দাম কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খুচরা বাজারে চালের দাম কমেনি। গত সপ্তাহের মতো গতকাল শুক্রবারও সব ধরনের চালের দাম চড়াতেই স্থিতিশীল ছিল। তবে কাঁচাবাজারে কমেছে সব ধরনের সবজির দাম।
এক সপ্তাহ আগে ১৬-১৮ টাকা কেজি দরে বিক্রি হওয়া আলুর দাম গতকাল ছিল ১০-১২ টাকা। প্রতি কেজি কাঁচা মরিচ আগের সপ্তাহের ৬০ টাকা থেকে কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের দামও কমেছে। গত সপ্তাহে এই পেঁয়াজ প্রতি কেজি ছিল ২৮-৩০ টাকা, গতকাল ছিল ২৫-২৮ টাকা। তবে কেজিতে পাঁচ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম।
সেগুনবাগিচা ও হাতিরপুল বাজারে দেখা গেছে, সব ধরনের সবজি, আদা ও রসুনের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। সবজি ব্যবসায়ীরা জানান, হরতাল-অবরোধ না থাকায় পরিবহনব্যবস্থা এখন স্বাভাবিক। তাই শীতের সবজি ঢাকায় আসতে পারছে। এ কারণে দাম কমেছে।
তবে কৃষক পর্যায়ে দাম অনেক কম হলেও গতকাল ২০ টাকা কেজি দামে টমেটো বিক্রি হয়েছে। আগের সপ্তাহে তা ৩০ টাকা ছিল। বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে প্রতি কেজি টমেটো ১০-১২ টাকা। কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, কৃষকেরা টমেটোতে লোকসান দিচ্ছেন। মোকামে টমেটোর কেজি পাঁচ টাকা। অন্য সবজির মধ্যে বেগুন, শিম, শসা ও গাজর ২৫ থেকে ৩০ টাকা কেজি।
ব্রয়লার মুরগির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, শীতের কারণে খামারগুলোতে ব্রয়লার মুরগির উৎপাদন কমে গেছে। এ কারণে সরবরাহও কম। ফলে দাম কিছুটা বেড়েছে।
চালের দাম না কমার কারণ হিসেবে ক্রেতারা ব্যবসায়ীদের মুনাফার মনোভাবকে দায়ী করেছেন। বিকেলে কারওয়ান বাজারে বাজার করতে আসা মালিহা কবির বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অস্বাভাবিক পরিস্থিতির সময়কার চড়া দামে চাল বিক্রি করছেন ব্যবসায়ীরা। দাম কমাচ্ছেন না।
তবে ওই বাজারের পাইকারি চাল ব্যবসায়ী রহিম আলী বলেন, ‘হরতাল-অবরোধের কারণে কুষ্টিয়া ও দিনাজপুর থেকে ঢাকায় চাল আসতে পারেনি অনেক দিন। এর খেসারত এখনো দিতে হচ্ছে ভোক্তাদের।’
গতকাল খুচরা বাজারে প্রতি কেজি ভালো মানের মিনিকেট ও নাজিরশাইল ৪৭ থেকে ৫৫ টাকা, গুটিস্বর্ণা ৩৮ থেকে ৪২ টাকা, পারিজা ও বিআর-২৮ চাল ৩৮ থেকে ৪২ টাকায় বিক্রি হয়েছে।
প্রতি কেজি গরুর মাংস ২৮০ টাকা, খাসির মাংস ৫০০ টাকা, এক কেজি ওজনের দেশি মুরগি ৩২৫ থেকে ৩৬০ টাকা এবং কবুতরের বাচ্চা ২৫০ টাকা জোড়া হিসেবে বিক্রি হয়েছে।