
গত সপ্তাহে অবরোধ-হরতাল না থাকলেও আগের টানা অবরোধ-হরতাল ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব এখনো রাজধানীর চালের বাজারে রয়েছে। বাজারগুলোতে চালের দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। দাম বাড়তির তালিকায় রয়েছে বোতলজাত সয়াবিন তেল, ময়দা, আটা ইত্যাদি। নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।
মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে শাকসবজি ও পেঁয়াজের দাম কমতে থাকায়। গতকাল শুক্রবার কারওয়ান বাজার, মহাখালী, উত্তরার বাজারগুলো ঘুরে দামের এই চিত্র পাওয়া গেছে।
গতকাল নাজিরশাইল চাল বিক্রি হয় কেজিপ্রতি ৪৮ থেকে ৫৪ টাকা। গত সপ্তাহের দাম একই ছিল। এক মাসের ব্যবধানে নাজিরশাইল চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। মিনিকেট চালের দামও বেড়েছে একই হারে। মিনিকেট বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা। ব্রি-২৮ ও পারিজাত চালের দাম গত এক মাসে কেজিতে এক-দুই টাকা বেড়ে যথাক্রমে ৪২-৪৩ ও ৩৮-৩৯ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের সেনবাগ রাইস এজেন্সির ব্যবস্থাপক মোহাম্মদ রাজীব জানান, হরতাল-অবরোধের পর এখনো ট্রাকভাড়া কমেনি। তাই বাড়তি দাম রাখতে হচ্ছে। তবে কিছুদিনের মধ্যে চালের দাম কমে যাবে।
গত দুই সপ্তাহের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। রূপচাঁদা ব্র্যান্ডের পাঁচ লিটারের বোতলের দাম ৫৮০ টাকা, আগে ছিল ৫৭৫ টাকা। তীর ব্র্যান্ডের বোতলজাত পাঁচ লিটার তেলের দাম ৫৭৫ টাকা, আগে ছিল ৫৭০ টাকা। প্যাকেটজাত আটা ও ময়দা কেজিতে দুই টাকা বাড়তি রাখা হচ্ছে। এক কেজি ময়দার দাম ৪৪ টাকা, আটার দাম ৩৬ টাকা।
এক মাসের ব্যবধানে সব ধরনের গুঁড়া দুধের দামও ৪০০ গ্রাম ও আধা কেজির প্যাকেটে ১০-১৫ টাকা বেড়েছে। এদিকে আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে চাহিদার কারণে ডিমের দাম হালিতে এক থেকে দুই টাকা বেড়েছে।
উত্তরার বাসিন্দা ব্যাংকার হাসিনা মমতাজ প্রথম আলোকে জানান, চালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে মাসের বাজারের বাজেট বাড়াতে হয়েছে।
এদিকে পেঁয়াজ ও আলুর দর কিছুটা কমেছে। বাজারে নতুন আলু পুরোদমে এসে পড়ায় কেজিতে তিন-চার টাকা কমেছে। বিক্রেতারা ১৩ থেকে ১৫ টাকায় এক কেজি আলু বিক্রি করছেন। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি ২৮-৩০ টাকা এবং দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪৫ টাকা।
সব ধরনের শাকসবজি কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। এক কেজি শিম বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে কেজি ২০-২৫ টাকায়। ২৫ থেকে ৩০ টাকায় মাঝারি আকারের ফুলকপি মিলছে। মাঝারি আকারের একটি বাধাকপি পাওয়া যাচ্ছে ২০-২৫ টাকায়। এক কেজি শালগম ১৫-২০ টাকা, ভালোমানের মুলা ২০-২৫ এবং গাজর ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। পালংশাক, মুলাশাক, লালশাকসহ প্রায় সব ধরনের শাকের কেজি ২০ থেকে ৩০ টাকা। মাঝারি একটি লাউ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। একই আকারের মিষ্টিকুমড়া ৫০ টাকার নিচে মিলছে না।
মাছ ও মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাজারভেদে ১৩০-১৩৫ টাকায়।