চালের দাম চড়া, বিপাকে মানুষ, ফায়দা লুটছেন মজুতদারেরা
মাত্র দুই মাসের ব্যবধানে চালের দাম মণপ্রতি ১৫০ থেকে ১৬০ টাকা বেড়েছে। সঙ্গে বেড়েছে ধানের দামও। তবে এতে ক্ষুদ্র চাতাল ব্যবসায়ী বা কৃষকের কোনো লাভ হচ্ছে না। লাভের গুড় খাচ্ছেন মজুতদারেরা। আর দাম বাড়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও রিকশা-ভ্যানচালকদের মতো স্বল্প আয়ের মানুষেরা।
দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাটে গত বৃহস্পতিবার গিয়ে কথা হয় কৃষকদের সঙ্গে। উপজেলার কোলগ্রামের কৃষক আব্বাছ আলী বলেন, ‘ধানের বাজার একন বেশি হয়্যা হামাকেরে কোনো লাভ ন্যাই। কৃষকের ঘরোত তেমন ধান ন্যাই। গ্রামোত কৃষকেরা আমন ধান লাগানোর টাকার জোগাড় করণের লাইগা আইজ থে দেড় মাস আগেই ধান বেচা শ্যাষ করা দিচে। বড় বড় চাতাল ব্যবসায়ীরা কম দামে সেই ধান কিনা গুদামজাত কর্যা্ একন তারকেরে (তাঁদের) পোয়াবারো।’
হাটে ধান কিনতে আসা চাতাল ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, দুই মাস আগে জিরা জাতের ধানের বাজার ছিল মণপ্রতি ৬৫০ টাকা। এখন তা ৯২০। বিআর-২৮ জাতের ধান ছিল ৫৮০, এখন তা ৭৪০ টাকা। পারিজা জাতের ধানের বাজার ছিল ৫৬০। এখন তা ৭৩০ টাকা দরে কেনা হচ্ছে। চাতাল ব্যবসায়ীরা ধান কিনে মণপ্রতি ৩০-৪০ টাকা করে লোকসান খাচ্ছেন। চাতালশ্রমিকদের অগ্রিম টাকা দিয়ে দেওয়ায় লোকসান খেয়েও চাতাল চালু রাখতে হচ্ছে। তিনি স্বীকার করেন, বড় ধরনের চাতাল ব্যবসায়ীরা (মজুতদার) আগে ধান ও চাল কিনে মজুত করে রাখায় এখন তাঁদের পোয়াবারো। গত কয়েক বছরে ধান-চালের বাজারে এমন ঘটনা ঘটেনি।
বগুড়ার চালের বড় মোকাম দুপচাঁচিয়া। এ দিন চালের বাজারে গিয়ে জানা যায় জিরা জাতের চাল মণপ্রতি ১৩৮০ টাকা (দুই মাস আগে ছিল ১১৯০ টাকা), বিআর-২৮ জাতের চাল মণপ্রতি ১১৩০ টাকা (দুই মাস আগে ছিল ১০২০ টাকা), পারিজা জাতের চাল ১১১০ টাকা (দুই মাস আগে ছিল ৮৭৫ টাকা)।
দুপচাঁচিয়া মোকামের আড়তদার মেসার্স গৌতম রাইচ মিলের মালিক রমেন্দ্রনাথ বসাক বলেন, গত বছর এ সময়ের চেয়ে এ বছর চালের দাম মণপ্রতি ১৫০ থেকে ১৬০ টাকা বেশি। কয়েক দিন বৃষ্টি থাকায় চালের বাজার আরও বেশি ছিল। তাঁর আড়ত থেকে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন মোকামে ব্যাপারীরা চাল নিয়ে যান।
দুপচাঁচিয়া বণিক সমিতির সভাপতি হাজি শামসুদ্দিন আহম্মেদ বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় এবার এ সময়ে চালের বাজার বেড়ে গেছে। এতে খুদে ব্যবসায়ীদের কোনো লাভ হচ্ছে না, মজুতদারেরা ফায়দা লুটছেন।’ তিনি আরও বলেন, ‘এবার ধানের ফলন কম হয়েছে। আবার ভারতীয় চাল আসাও বন্ধ। তাই চালের বাজার চড়া।’