চালের দাম বস্তাপ্রতি ৩০০ টাকা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালকলের মালিক, জোতদার ও মহাজনেরা মজুদ করায় পাবনার ঈশ্বরদীসহ উত্তরবঙ্গে বিভিন্ন মোকামে চালের দাম বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়েছে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে। গত ১০ দিনের ব্যবধানে মোকামে বিভিন্ন প্রকার চালের দাম গড়ে বস্তাপ্রতি (৮৪ কেজি) ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতিদিনই দাম বাড়ছে।ঈশ্বরদীর জয়নগর মোকামের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈশ্বরদী, নওগাঁ, বগুড়াসহ কয়েকটি মোকামে অটোরাইস মিলের মালিক ও কিছু ব্যবসায়ী বিপুল পরিমাণে ধান মজুদ করছেন। এ কারণে চালের দাম বাড়ছে। ২১ অক্টোবর ঈশ্বরদীতে মিনিকেট চাল প্রতি বস্তা বিক্রি হয় দুই হাজার ৪০০ টাকায়। গতকাল শুক্রবার সেই চাল বিক্রি হয়েছে দুই হাজার ৭০০ টাকায়। একইভাবে বিআর-২৯ এবং বিআর-২৮ (মধ্যম চিকন চাল) চালের দাম বস্তাপ্রতি বেড়েছে ২৫০ টাকা পর্যন্ত। পারিজাত চাল এক হাজার ৮০০ টাকা থেকে বেড়ে হয়েছে এক হাজার ৯৮০ টাকা।জয়নগর মোকামের চাল ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, অধিক মুনাফার আশায় দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলার কিছু অটোরাইস মিলের মালিক এবং টাঙ্গাইল ও মুন্সিগঞ্জের কিছু জোতদার-মহাজন ঈদের ১৫-১৬ দিন আগে থেকে ব্যাপক হারে ধান মজুদ করছেন। এ কারণে চালের দাম বাড়তে শুরু করেছে। মজুদ অব্যাহত থাকলে চালের দাম আরও বাড়তে পারে। ঈশ্বরদী উপজেলা ধান-চাল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাদেক আলী বিশ্বাস জানান, গ্রাম পর্যায়ে ব্যাপকহারে টিআর, কাবিখা, কাবিটা ও কর্মসংস্থান প্রকল্পের কার্যক্রম চলছে। বাজারেও প্রচুর চাল রয়েছে। এ অবস্থায় চালের দাম বাড়ার কথা নয়। কিন্তু ঈদের প্রায় ২০ দিন আগে থেকে গুদামে ধান মজুদ করে রাখায় চালের দাম বাড়ছে। অধিকাংশ ব্যবসায়ী এখন দেশের বিভিন্ন হাট-বাজার ও মোকাম থেকে ব্যাপকহারে ধান কিনছেন। তবে এবার টাঙ্গাইল ও মুন্সিগঞ্জের বেশ কিছু জোতদার ও মজুদদার চড়া দামে প্রচুর পরিমাণে ধান কিনছেন।রাজশাহীর গোদাগাড়ি মোকামের ধান ব্যবসায়ী হজরত আলী জানান, ঈদের ২০-২৫ দিন আগে থেকে হঠাৎ করে বাজারে ব্যাপক হারে ধানের চাহিদা বাড়তে থাকে। প্রতিদিনই ধানের দাম বাড়ছে। গত ১৩ অক্টোবর হাটে ৫৯০ টাকায় গুটি স্বর্ণা ধান বিক্রি হয়। সেই ধান ২০ অক্টোবর বিক্রি হয়েছে ৭৩০ টাকায়।নওগাঁর আগ্ররাদিগন হাটের ধান ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে লক্ষ করছি বাজারে ধানের ক্রেতা বেড়ে গেছে। কোনো কোনো মহাজন বেশি টাকায় ধান কিনছেন।’ ঈশ্বরদী মোকাম থেকে রাজধানী ঢাকাসহ দেশের ১৮টি জেলার ব্যবসায়ীরা চাল কিনে থাকেন। এখানে রয়েছে ৮০০ ধানের মিল ও চাতাল।