চালের দাম বাড়তির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিত্য-পণ্যের বাজারে চালের দাম আবার বাড়তির দিকে। সব ধরনের চালের দাম দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে এক-দুই টাকা বেড়েছে। এ ছাড়া মূল্যবৃদ্ধির তালিকায় রয়েছে গুঁড়া দুধ, ডিম ও আদা।
শীতের শাকসবজির দাম আরও কমছে। কমেছে পেঁয়াজ, চিনি, আলু, ডালের দাম। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজার, মহাখালী ও উত্তরার বাজার ঘুরে দামের এই চিত্র পাওয়া গেছে।
৩৬ টাকার কমে এক কেজি কোনো ধরনের মোটা চাল পাওয়া যাচ্ছে না। স্বর্ণা চাল ৩৬ থেকে ৩৭ টাকা এবং পারি জাতের চালের কেজি ৩৭ থেকে ৩৮ টাকা। মোটা চালের মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে। আশকোনা হাজিক্যাম্প এলাকার রিকশাচালক হামিদ মিয়া প্রথম আলোকে জানান, এভাবে চালের দাম বাড়তে থাকলে কয়েক দিন পর ভাতের জোগান দিতে ছেলেমেয়েদের পড়াশোনা বাদ দিতে হবে।
শুধু মোটা চাল নয়, চিকন চালের দামও বাড়তির দিকে। নাজিরশাইল চালের দাম শুরু হয়েছে কেজিপ্রতি ৪৫ টাকায়। কারওয়ান বাজার সূত্রে জানা গেছে, ৬০ টাকার ওপরেও দুই ধরনের নাজিরশাইল বিক্রি হচ্ছে। তবে ৪৯-৫০ টাকা কেজি দরের নাজিরশাইলই বেশি বিক্রি হয়। দুই সপ্তাহের ব্যবধানে নাজিরশাইলের দাম বেড়েছে কেজিতে দুই টাকা। একই সময়ে কেজিতে এক টাকা বেড়ে মানভেদে মিনিকেট চালের কেজি এখন ৪৫ থেকে ৫০ টাকা।
কারওয়ান বাজারের চাল বিক্রেতা আবদুল হক জানান, পাইকারেরা দাম বাড়িয়ে দেওয়ায় খুচরা পর্যায়ে দাম কমছে না। মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চালের দাম বাড়তি থাকবে।
এদিকে এক মাসের ব্যবধানে সব ধরনের গুঁড়া দুধের দামও বেড়েছে। ১০ টাকা বেড়ে মার্কস ও ডানো ব্র্যান্ডের ৪০০ গ্রাম প্যাকেটজাত গুঁড়া দুধের দাম যথাক্রমে ২৪০ টাকা ও ২৯০ টাকা। তবে ডিপ্লোমা ও ফ্রেশ ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম বাড়েনি। এক মাসের ব্যবধানে দেশি ও আমদানি করা আদার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। আমদানি করা আদার কেজি ১৩৫ টাকা এবং দেশি আদা ১০০ থেকে ১১০ টাকা। এ ছাড়া দুই সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম হালিপ্রতি এক-দুই টাকা বেড়ে ২৯-৩০ টাকায় বিক্রি হচ্ছে।
অবশ্য প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি টমেটো মানভেদে ১২ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিপ্রতি শিম ২০-২৫ টাকা, মুলা ২০ টাকা, গাজর ২০-২২ টাকা, লালশাক ২৫ থেকে ৩০ টাকা, পালংশাক ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি একটি লাউ মিলছে ৪৫ থেকে ৫০ টাকায়। মাঝারি আকারের মিষ্টিকুমড়া ৬০ থেকে ৬৫ টাকা।
কিন্তু আলুর দাম ক্রমেই কমছে। এক মাসের ব্যবধানে কেজিতে কমেছে দুই থেকে পাঁচ টাকা কমেছে। এখন প্রতি পাল্লা (পাঁচ কেজি) আলুর দাম ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। পেঁয়াজের দামও কমেছে। দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকায় মিলছে। কয়েক মাস আগে পেঁয়াজের কেজি ১০০ টাকা ছাড়িয়েছিল।
মাছ ও গরু-খাসির মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে দেশি মুরগির দামও। বনভোজন, বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে চাহিদা বৃদ্ধিই এর কারণ বলে ব্যবসায়ীরা জানান।