চালের দাম বাড়লেও কমেছে শ্রমমজুরি
বছরের পর বছর চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বাড়লেও ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বিসিআইসি বাফার গুদামে মালামাল ওঠানো-নামানোর কাজে নিয়োজিত শ্রমিকদের কমছে শ্রমের মজুরি।শ্রমিক ইসরাইল বলেন, ‘গত জুলাই থেকে ট্রাকে সার ভরে দিনে ৬০ থেকে ৭০ টাকার বেশি উপার্জন করতে পারি নাই। ডিলাররা বকশিশ দিলে হাতে কিছু টাকা আসে। কিন্তু সেই টাকায় সংসার চালানো কষ্টকর। ধার করে ও সুদের ওপর টাকা নিয়ে সংসার চালাতে হচ্ছে।’খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৮ সালে এক কিলোগ্রাম (কেজি) মোটা চালের দাম ছিল ২৩ টাকা। ২০০৯ সালে তা বেড়ে হয় ২৮ টাকা। বর্তমানে সেই চালের দাম হয়েছে ৩৪-৩৫ টাকা। কিন্তু শ্রমনির্ভর মেহনতি মানুষের মজুরি কমেছে নিয়মিত। ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জের বিসিআইসি বাফার গুদামে ৫০ কেজি ওজনের ২০টি সারের বস্তা (এক মেট্রিক টন) মাথায় করে ১০০ ফুট দূরে ট্রাকে তোলার জন্য একজন শ্রমিককে ২০০৮ সালে দেওয়া হতো ১৯ টাকা। ২০০৯ সালে তা কমে হয়েছে ১৭ টাকা। বর্তমানে সমপরিমাণ শ্রমের জন্য দেওয়া হচ্ছে মাত্র ছয় থেকে সাত টাকা।বাফার গুদামের শ্রমিকেরা জানান, ঠিকাদারের মাধ্যমে ৬০-৭০ জন শ্রমিক (কুলি) এখানে পালা করে কাজ করেন। একজন শ্রমিক দিনে সর্বোচ্চ সাত টন পর্যন্ত মালামাল ওঠানো বা নামানোর কাজ করতে পারেন। আগে আয় একটু বেশি হলেও বর্তমানে ১৪০টি বস্তা গুদাম থেকে ট্রাকে তুলে একজন শ্রমিকের দিনে আয় হয় মাত্র ৪২ টাকা। বাইরে থেকে সারের ট্রাক এলে তা গুদামে মজুদ করতে টনপ্রতি ২৫ টাকা পান। কিন্তু নওয়াপাড়া, ফেঞ্চুগঞ্জ বা অন্যান্য জায়গা থেকে ট্রাকে করে যে সার আসে, এর অধিকাংশই গুদাম কর্তৃপক্ষ বাফার গুদামে না নামিয়ে সরাসরি ডিলারের গুদামে নামায়। পরে তা গুদাম থেকে বিতরণ দেখানো হয়। এতে ঠিকাদার ও গুদাম কর্তৃপক্ষ আর্থিকভাবে লাভবান হলেও কুলি-শ্রমিকেরা বঞ্চিত হন।কর্মচ্যুত শ্রমিক মোস্তফা জানান, গত বছর অক্টোবরে শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবি করলে শ্রমিকসর্দার খায়রুল, সিরাজুল, শামসুল, শাহ জামাল ও ফজলুকে কাজ থেকে বের করে দেন ঠিকাদার। কর্মচ্যুত শ্রমিক মমিনুল ইসলাম বলেন, ‘বর্তমান ঠিকাদারের লোকজন কাজ শেষে শ্রমিকদের মজুরি থেকে কিছু টাকা কেটে নেন। এর প্রতিবাদ করায় তাঁদের লোকজন আমাদের কয়েকজনকে মারধর করে কাজ থেকে বের করে দেয়।’সাবেক শ্রমিকসর্দার খায়রুল ইসলাম বলেন, ‘গত বছর নির্ধারিত মজুরির প্রতিবাদ করায় আমাকে বরখাস্ত করা হয়। মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।’শিবগঞ্জ বাফার গুদামের ইনচার্জ আসাদুজ্জামান খান বলেন, আগে ঠিকাদাররা একটু বেশি দরে শ্রমিক সরবরাহের কাজ করেছেন। ওই সময় শ্রমিকেরা বেশ লাভবান হয়েছেন। এখন দর কম হলেও করার কিছু নেই। কারণ, বর্তমান ঠিকাদার প্রতি টন সার ট্রাকে ওঠানোর জন্য শ্রমিক সরবরাহ বাবদ সাড়ে ১১ টাকা দরে কাজ পেয়েছেন। আর বাইরে থেকে আসা ট্রাকের সার অন্য জায়গায় নামিয়ে টাকা আত্মসাতের অভিযোগ ঠিক নয়। ভরা মৌসুমে দু-একটা ট্রাক ডিলারের কাছে পাঠানো হলেও নামানোর টাকা শ্রমিকেরা ঠিকমতোই পান।ঠিকাদার নূর ইসলাম বলেন, ‘প্রতিযোগিতার বাজারে কম রেটে লটারির মাধ্যমে কাজটা পেয়েছি। অনেক টাকা বিনিয়োগ করেছি। এরপর বিলের ওপর ভ্যাট, আয়কর ও কল্যাণ তহবিলে টাকা জমা দিতে হয়। এ ছাড়া এদিক-ওদিকে অনেক টাকা দিতে হয়। তার পরে রয়েছে নিজের লাভ। তাই শ্রমিককে প্রতি টনে সাত টাকা হিসাবে দেওয়া হচ্ছে।’