চালের দাম বাড়াল থাইল্যান্ড ও ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

১৮ শতাংশ শুল্ক কমানো হলেও বেসরকারি খাতে আশানুরূপ চাল আমদানি হয়নি

দেশের চালকলগুলোর পর এবার বিদেশি চাল বিক্রেতারাও সরকারের কাছে বেশি দাম হাঁকছে। আন্তর্জাতিক দরপত্রে খাদ্য মন্ত্রণালয় টনপ্রতি ৪২০ ডলার দর পেয়েছে। অথচ ভিয়েতনাম থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে চাল কেনা হচ্ছে ৪৭০ ডলার দরে। আর এই সুযোগ বুঝে ভারত, থাইল্যান্ডসহ অন্য দেশগুলো চালের দাম বাড়িয়ে দিয়েছে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

খাদ্য মন্ত্রণালয়ের গত ২৬ জুলাইয়ের দৈনিক খাদ্যশস্য প্রতিবেদনে জাহাজভাড়াসহ কোন দেশে চালের আমদানি মূল্য কত, তার একটি হিসাব দেওয়া হয়েছে। তাতে দেখা গেছে, ভারত প্রতি টন ৪২৫ ডলার, থাইল্যান্ড ৪৩৯ ডলার এবং ভিয়েতনাম ৪৪৫ ডলারে চাল বিক্রি করছে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে ভারত প্রতি টন চালের দাম ৫ ডলার বাড়িয়ে দিয়েছে।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ বিষয়ে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘থাইল্যান্ড ও ভারত প্রতি টন চাল ৫০০ ডলারের মতো চাইছে। আমরা এই দামে চাল কিনব না বলে তাদের জানিয়ে দিয়েছি। আর আমাদের কাছে যে চাল আছে, তাতে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই।’

সেদ্ধ চালের প্রধান উৎস ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম দাম বাড়িয়ে বাংলাদেশের প্রায় সমান পর্যায়ে নিয়ে এসেছে। প্রতি কেজি চাল ওই সব দেশ থেকে এনে বাজারজাত করলে পাইকারিতেই দাম পড়ছে ৪০ টাকার বেশি। তাই চালের দাম কমাতে ১৮ শতাংশ শুল্ক কমানো হলেও বেসরকারি খাতে আশানুরূপ চাল আমদানি হয়নি।

বেশি দামে চাল কেনায় বিপত্তি

খাদ্য মন্ত্রণালয়ের নিজের হিসাবে ভিয়েতনামের প্রতি টন চালের দাম ৪৪৫ ডলার। অথচ তাদের কাছ থেকে কেনা হচ্ছে ৪৭০ ডলারে। এই দর আন্তর্জাতিক বাজারদরের চেয়ে প্রতি টনে ৩৫ ডলার বেশি।

এ নিয়ে প্রশ্ন করলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ইতিমধ্যে ২ লাখ টন চাল কেনার চুক্তি হয়েছে। কিন্তু এখনো কোনো চাল আসেনি। অথচ ভিয়েতনাম থেকে চাল আমদানির চুক্তি হওয়ার এক মাসের মাথায় চাল চট্টগ্রাম বন্দরে চলে এসেছে। তাই বেশি দাম দিয়ে হলেও আমরা রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে চাল কিনছি।’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত মাসে থাইল্যান্ডে যায়। সফর শেষ হওয়ার পর থাইল্যান্ড প্রতি টন চাল ৫০০ ডলারের চেয়ে বেশি দাম চাইছে। চাল রপ্তানির ব্যাপারে আলোচনা করতে চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারতের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ঘুরে গেছে। তারাও জানিয়ে গেছে, প্রতি টন চাল ৪৯৫ ডলারের কমে বিক্রি করবে না দেশটি।

আতপ চাল আসছে বেশি

গত এক মাসে মাত্র ১ লাখ টন চাল আমদানি হয়েছে, যার বেশির ভাগ আতপ চাল। চাহিদা আছে, শুল্ক কমানো হয়েছে, তারপরও ব্যবসায়ীরা কেন সেদ্ধ চাল আমদানি করছেন না, এ প্রশ্ন করলে চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, ভারতে এক মাসে সেদ্ধ চালের দাম টনপ্রতি ২৫ ডলার বেড়েছে। তাই আতপ চালের তুলনায় সেদ্ধ চাল আমদানি হচ্ছে কম।

দেশেও সংগ্রহ অভিযান ব্যর্থ

এদিকে অভ্যন্তরীণ উৎস বা চালকলের মালিকদের কাছ থেকে চাল সংগ্রহের চিত্র আরও হতাশাজনক। ১০ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে খাদ্য অধিদপ্তর গত দুই মাসে মাত্র দেড় লাখ টন ধান-চাল সংগ্রহ করতে পেরেছে। সংগ্রহ অভিযান চালানোর জন্য সময় আছে আর এক মাস। এই সময়ের মধ্যে বাকি চাল সংগ্রহ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ।