চালের দাম বেশি, কষ্ট দিচ্ছে 'ভিআইপি' পণ্য চীনা রসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর বাজারে দিন কয়েক আগেও এক কেজি চীনা রসুনের দাম ছিল ২৪০-২৫০ টাকা। গতকাল রোববার সেই রসুনের দাম উঠেছে ৪০০ টাকা। তাই এবারের রমজান মাসে ‘ভিআইপি’ পণ্যের তালিকায় প্রথম নামটি চীনা রসুনের। পরের নামটি বেগুন। ৫০-৬০ টাকার বেগুন গতকাল কেজিপ্রতি ৮০-১০০ টাকায় বিক্রি হয়েছে।
শুধু রসুন আর বেগুন নয়, রমজান মাসে বাজারে ব্যবসায়ীরা ক্রেতাদের পকেট কাটছেন চিনি, ছোলা, পেঁয়াজ, খোলা সয়াবিন তেল, গরু ও মুরগির মাংস, শসা ও লেবুতেও। আর চালের দামে ভোক্তাদের অসহায়ত্ব চলছে কয়েক মাস ধরেই। সব মিলিয়ে গত বছরের চেয়ে এবার রমজানের বাজারে ক্রেতাদের কষ্ট বেশি হচ্ছে।
গত বছর রমজান মাসে মোটা চালের কেজি ছিল ৩২-৩৪ টাকা, এ বছর ৪৫-৪৮ টাকা। চিনি ছিল ৬২ থেকে ৬৫ টাকা, এবার ৭৫ টাকা। চীনা রসুন ছিল ২০০-২২০ টাকা, যা এখন ৩৬০-৪০০ টাকা। বেগুন, শসা ও কাঁচামরিচের দাম এবার গত বছরের রমজানের প্রথম দিনের মতোই। ছোলার দামও গত রমজানের কাছাকাছি আছে। সে তুলনায় গরুর মাংসের দাম গতবারের তুলনায় কেজিতে প্রায় ৮০ টাকা বেশি। অবশ্য ব্রয়লার মুরগির দাম গতবারের চেয়ে কেজিতে ২০ টাকা কম।
রাজধানীর কারওয়ান বাজার থেকে গতকাল বিকেলে কেনাকাটা করে ফিরছিলেন তেজতুরী বাজারের বাসিন্দা আবদুল খালেক। পেশায় গাড়িচালক। জানতে চাইলে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষকে চালের দামই বেশি কষ্ট দিচ্ছে। ২৮ জাতের চাল আগে ৩৮ টাকা ছিল, এখন ৫২ টাকা।
কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা যায়, ভালো মানের লম্বা বেগুন কেজিপ্রতি ৮০-১০০ টাকা। মান তেমন ভালো নয়, এমন লম্বা বেগুন মিলেছে ৬০ টাকায়। তাজা ও দেশি জাতের শসা কেজিপ্রতি ৮০ টাকা, সাধারণ দেশি জাতের শসা ৬০ টাকা আর হাইব্রিড শসা ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। অবশ্য কারওয়ান বাজারে ৩০ টাকা কেজিতেও শসা মিলেছে।
লেবুর দাম আকারভেদে হালিতে ৫-১০ টাকা বেড়েছে। কাঁচা মরিচের দাম নাগালেই আছে, প্রতি কেজি ৬০ টাকা। বিক্রেতারা বলছেন, কয়েক দিনের মধ্যেই কাঁচাবাজারের এসব পণ্যের দাম কমে যাবে।
চীনা রসুনের দামে হঠাৎ বড় লাফের বিষয়ে শ্যামবাজারের আমদানিকারক রতন সাহা প্রথম আলোকে বলেন, এ বছর চীনা রসুন আমদানি খুব কম হয়েছে। ফলে বাজারে সংকট তৈরি হয়ে দাম বেড়ে গেছে। অবশ্য তা কিছুদিনের মধ্যে কমবে। শ্যামবাজারে ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি পেঁয়াজ কেজিতে ৫-৬ টাকা বেড়ে কারওয়ান বাজারে ৩৮-৪০ টাকায় উঠেছে। অবশ্য পাইকারি দোকানে বেড়েছে কেজিতে ২ টাকা।
পবিত্র শবে বরাতের আগে মেঘনা গ্রুপের মিল বন্ধ থাকার অজুহাতে চিনির দাম ৬৪-৬৫ টাকা থেকে বেড়ে ৬৮-৭০ টাকায় উঠেছিল। রমজান মাস শুরুর দিন সেটা কিনতে কেজিপ্রতি ৭৫ টাকা দিতে হলো ক্রেতাকে। মৌলভীবাজারের পাইকারি চিনি ব্যবসায়ী আবুল হাশেম বলেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় কয়েক দিন আগে পাইকারি বাজারেই চিনির দাম ৭০ টাকায় উঠেছিল, এখন সাড়ে ৬৮ টাকায় নেমেছে। লিটারে দুই টাকা বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম, লিটারপ্রতি ৮৮-৯০ টাকা।
ছোলার দাম নতুন করে ৫ টাকা বেড়েছে। ভালো মানের ছোলা ১০০ টাকা, মধ্যম মানের ছোলা ৯০-৯৫ টাকা ও সাধারণ মানের ছোলা কেজিপ্রতি ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গরুর মাংসের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৪৭৫ টাকা নির্ধারণ করে দিলেও বাজারে তা বিক্রি হচ্ছে ৫০০-৫২০ টাকায়। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৬০ টাকায় উঠেছে।