চালের দাম বেড়েছে নওগাঁয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁয় এক সপ্তাহে বস্তাপ্রতি চালের দাম ১০০ থেকে ২২০ টাকা পর্যন্ত বেড়েছে।
আড়তদারদের দাবি, বোরো মৌসুম শেষ হওয়ায় ধানের বাজারদর বেড়েছে। এ কারণে চালের দাম বাড়ানো হয়েছে।
তবে স্থানীয় চাল ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকার বড় চাল ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। ফলে দেশের অন্য মোকামে দাম বেড়েছে। এই খবর পেয়ে নওগাঁয় চালের দাম বাড়ানো হয়েছে।
জেলার মোটা ও চিকন চালের সবচেয়ে বড় মোকাম খাস নওগাঁ ও পার নওগাঁ বাজার। এ দুটি বাজারের সাত-আটজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, গত সপ্তাহে বাজারে মোটা জাতের স্বর্ণা, গুটি স্বর্ণা ও পারিজা জাতের শর্টার চাল (অটো মিলে প্রস্তুত) প্রতি ৫০ কেজি বস্তা বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। চিকন জাতের মিনিকেট, নাজির, জিরাশাইল ও পাইজাম জাতের শর্টার চাল প্রতি ৫০ কেজি বস্তা বিক্রি হয়েছে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকায়।
কিন্তু ঈদের পর কয়েক দিন ধরে এ দুই বাজারে মোটা চাল বিক্রি হয়েছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত। চিকন চাল ১৫০ থেকে ২০০ বেড়ে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, ঢাকার সিন্ডিকেট ব্যবসায়ীরা বেশি দামে চাল কিনছেন। এ ছাড়া বাজারে শুকনো ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দামও বাড়ানো হয়েছে।
পার নওগাঁর চাল ব্যবসায়ী সন্দীপ সাহা বলেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশের অন্য মোকামে চালের দাম বাড়ার খবর পেয়ে নওগাঁর চাল ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে দিয়েছেন।
নওগাঁ আড়তদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নিরোধ বরণ সাহা বলেন, ‘বাজারে বর্তমানে ধানের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। মিল মালিকেরাও বেশি দামে ধান সংগ্রহ করছেন। এ কারণে চালের দাম বাড়ছে। দেশের অন্য মোকামগুলোতেও চালের দাম বেড়েছে।’
নওগাঁ মৌ অ্যাগ্রো অ্যারোমেটিক অটোমেটিক রাইস মিলের পরিচালক ইফতেখারুল ইসলাম বলেন, চিকন জাতের জিরা, মিনিকেটসহ কিছু জাতের ধানের আবাদ বছরে একবারই হয়ে থাকে। তাই এ সময় ওই সব জাতের ধান বাজারে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। বোরো মৌসুমের প্রায় পুরো সময় সব ধরনের চালের বাজারদর স্থিতিশীল ছিল। কিন্তু ঈদের সপ্তাহ খানেক আগে থেকে হাটে ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দামও বৃদ্ধি পেতে শুরু করেছে।
নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ চোকদার বলেন, সরকারি গুদামে চাল সরবরাহ কার্যক্রম প্রায় শেষের দিকে। তাই ধান-চালের দাম বাজারে কিছুটা ওঠানামা হওয়াটা স্বাভাবিক। এ ছাড়া কৃষকের গোলায় মজুত রাখা চিকন জাতের ধান প্রায় শেষ দিকে। তাই আগামী কয়েক দিনের মধ্যে চিকন চালের বাজার দর আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।