চালের দামের ঊর্ধ্বগতিতে সংসদীয় কমিটির উদ্বেগ
চালের দামের ঊর্ধ্বগতিতে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। দেশে পর্যাপ্ত ফসল উৎপাদন হওয়ার পরও চালের দামের এ ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতাকে অস্বাভাবিক মনে করছেন কমিটির সদস্যরা। গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ে কমিটির সভায় এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি ছায়েদুল হকের সভাপতিত্বে সভায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, সদস্য আতিউর রহমান আতিক, নারায়ণ চন্দ্র চন্দ, বেগম সালেহা মোশাররফ ও আফজাল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া খাদ্যসচিব বরুন দেব মিত্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম আসলাম আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় যোগ দেন। বৈঠক শেষে কমিটির সভাপতি ছায়েদুল হক সাংবাদিকদের বলেন, এ বছর আমদানিকারকেরা পর্যাপ্ত গম আমদানি না করায় আটার দাম বেড়েছে। অন্যদিকে এবার ফলন ভালো হওয়ায় একশ্রেণীর চালকলমালিক অস্বাভাবিক পরিমাণ চাল মজুদ করে রাখছে। মূলত এ দুটি কারণেই চালের দাম বাড়ছে বলে কমিটি মনে করে। সভায় চালের বাজারদর নিম্নমুখী করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় তৎপরতা চালাতে সুপারিশ করা হয়। মোটা চালের দাম কেজিপ্রতি ২৫ টাকার মধ্যে নামিয়ে আনতে বলা হয়েছে। সেই সঙ্গে অসাধু চাতালমালিকদের প্রতিরোধে তাদের ঋণ দেওয়ার সীমা নিজ মিলের মোট উৎপাদনক্ষমতার সমমূল্যের অর্ধেকে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নিতে বলা হয়েছে । সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন গুদামে প্রায় সাড়ে সাত লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এ ছাড়া আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ আরও আট লাখ টন খাদ্যশস্য আমদানি করা হবে। বৈঠকে সারা দেশের হতদরিদ্রদের ভোটার আইডি নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ নিয়ে আলোচনা হয়। সভায় বেশিসংখ্যক দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যসহায়তা নিশ্চিত করতে ফেয়ার প্রাইজ বা ন্যায্যমূল্যের মাধ্যমে বিতরণ কার্যক্রম আরও জোরালো করার সুপারিশ করা হয়।