চালের বদলে ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীপুরে ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে গত শনিবার টিআর প্রকল্পের আওতায় চালের বদলে ৭৭টি ল্যাপটপ, ১৬টি ডেস্কটপ কম্পিউটার ও একটি প্রজেক্টর বিতরণ করা হয়েছে। পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে বিকেল পাঁচটায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধানেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল-ফেরদৌস।পার্বতীপুরের ইউএনও মুজিব-উল-ফেরদৌস জানান, উপজেলার ৬১টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও ডিগ্রি কলেজ এবং ১২টি মাদ্রাসায় ৬৭টি ল্যাপটপ, ১৬টি ডেস্কটপ কম্পিউটার ও একটি প্রজেক্টর বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ তথ্যসেবাকেন্দ্রে ১০টি ল্যাপটপ এবং ইউনিয়ন আনসার-প্রধান ও দফাদারদের (গ্রামপুলিশ) মধ্যে ২১টি বাইসাইকেল বিতরণ করা হয়। ২০১১-১২ অর্থবছরের বিশেষ বরাদ্দের টিআর প্রকল্পের ১৫২ মেট্রিক টন চাল বিক্রি করে এই উপকরণগুলো কেনা হয়।এ ছাড়া মৎস্য অধিদপ্তরের ‘অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ’ প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে ২৫টি রিকশাভ্যান ও পাঁচটি বেড়জাল বিতরণ করা হয়েছে।