আমদানি শুল্ক প্রত্যাহারে সমাধান দেখছেন খাদ্যমন্ত্রী
চালের মূল্যবৃদ্ধির জন্য দায়ী অসাধু ব্যবসায়ীরা
সভাটি ছিল চালকল মালিকদের সঙ্গে খাদ্যমন্ত্রীর। বিষয় সরকারের বোরো সংগ্রহ কীভাবে সফল করা যায়। চালকল মালিকদের দাবি ছিল, চালের সংগ্রহ মূল্য কেজিপ্রতি ৩৪ টাকা থেকে বাড়িয়ে ৩৬ টাকা করা।
অবশ্য সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চালের আমদানি শুল্ক প্রত্যাহারের বিষয় নিয়েই বেশি করে বললেন। চালকল মালিকেরাও সংগ্রহ মূল্য বাড়ানোর কথা না তুলে উল্টো মন্ত্রীর কথার সঙ্গে সুর মেলান। শুল্ক প্রত্যাহার হলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন—এমন আশঙ্কার কথা সাংবাদিকেরা তুললে খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম এখন অস্বাভাবিক বেশি। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছেন। শুল্কমুক্ত আমদানি হলে চালের দাম স্বাভাবিক হবে।
গতকাল বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে চালকল মালিকদের সঙ্গে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মন্ত্রী বলেন, চালকল মালিকদের কাছে তেমন চাল মজুত নেই। চালকল মালিকেরা মজুতের যে সাপ্তাহিক হিসাব দেন, তা দেখে এই তথ্য জানতে পেরেছেন বলে মন্ত্রী জানান। হাওরে ফসলহানির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়িয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ অটো-মেজর-হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়েক আলী বলেন, ‘আমাদের কাছে চালের কোনো মজুত নেই। এটা আমরা সরকারকে বলেছি। খাদ্য বিভাগ চাইলে র্যাব বা পুলিশ দিয়ে অভিযান চালিয়ে দেখতে পারে।’
লায়েক আলীর এই বক্তব্যের পর খাদ্যমন্ত্রীর উদ্দেশে সাংবাদিকেরা আবারও প্রশ্ন করেন, ‘আপনারা কি চালকল মালিক ও অসাধু ব্যবসায়ীদের গুদাম পরিদর্শন করেছেন?’
উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, ‘চালকল মালিকদের প্রতিবেদন দেখে আমরা নিশ্চিত হয়েছি, তাঁদের কাছে তেমন মজুত নেই। আর ব্যবসায়ীদের মজুতের বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় দেখবে। এটা আমাদের বিষয় না।’
সংবাদ সম্মেলনে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান ও চালকল মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।