চাল-গম কিনে ৮০০ কোটি টাকা গচ্চা?
১ হাজার ২৫৭ কোটি টাকায় সংগ্রহ করা চার লাখ টন খাদ্য ৪৫০ কোটি টাকায় বিক্রির পরিকল্পনা করছে খাদ্য মন্ত্রণালয়। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টেস্ট রিলিফ (টিআর) খাতে ব্যবহারের জন্য এসব চাল-গম কিনেছিল খাদ্য অধিদপ্তর। কিন্তু সাংসদেরা আগে চাইলেও এখন এসব খাদ্য নিতে আপত্তি করেছেন। তাঁরা এগুলোর পরিবর্তে সমপরিমাণ অর্থ দাবি করলে অর্থ মন্ত্রণালয় তা অনুমোদন করে। ফলে সরকারের প্রায় ৮০০ কোটি টাকা গচ্চা যাচ্ছে।
এদিকে খাদ্য অধিদপ্তরের গুদামে থাকা খোলাবাজারের জন্য বরাদ্দ রাখা সোয়া তিন লাখ টন চাল-গম (ওএমএস) বিক্রি হচ্ছে না। এর সঙ্গে যোগ হলো এই চার লাখ টন খাদ্য। পল্লি রেশনিং এবং ওএমএসের মাধ্যমে ওই চাল-গম বিক্রির পরিকল্পনা চূড়ান্ত করেছে খাদ্য মন্ত্রণালয়। এ জন্য তারা সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় আছে। ত্রাণ, খাদ্য ও অর্থ মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত নথিপত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এক সপ্তাহ আগে জাতীয় সংসদে সরকারি দলের হুইপ আতিউর রহমান স্থানীয় পর্যায়ের উন্নয়নকাজের জন্য টিআর ও কাবিখার চাল-গম না দেওয়ার দাবি জানান। জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী সংসদে বলেন, ইতিমধ্যে চাল ও গম না নিয়ে নগদ অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এই বিষয়ে গতকাল মঙ্গলবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই নিয়মটা হয়েছে বিএনপি-জামায়াতের আমলে। তাদের তৈরি করা নিয়মের কারণেই জটিলতা তৈরি হয়েছে। তবে কৃষক যাতে ন্যায্যমূল্য পায় সে জন্য বেশি মূল্যে তাদের কাছ থেকে চাল-গম কেনা হয়েছিল। এখন বাজারে এগুলোর দাম কমে গেছে। ফলে টিআর ও কাবিখার জন্য বরাদ্দ করা চাল-গম বিক্রি করে পাওয়া টাকা দিয়ে প্রয়োজনীয় কাজ করা যাচ্ছে না। এ কারণেই সাংসদদের অনুরোধে টিআর কাবিখার চাল-গমের পরিবর্তে টাকা দেওয়ার সম্মতি দেওয়া হয়েছে। মজুত থাকা চাল-গমের কি হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা এর দাম কমিয়ে ওএমএস ও পল্লি রেশনিংয়ের মাধ্যমে গরিব মানুষের কাছে পৌঁছে দেব। বাড়তি ৭৫০ কোটি টাকার অতিরিক্ত জোগান কোথায় থেকে আসবে জানতে চাইলে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ থাকা টাকা থেকে সমন্বয় করা হবে। এর জন্য বাড়তি বরাদ্দ লাগবে না। যদি লাগে সেটা অর্থ মন্ত্রণালয় বিবেচনা করবে।
যোগাযোগ করা হলে হুইপ আতিউর রহমান প্রথম আলোকে বলেন, খাদ্য বিভাগ থেকে যে চাল ও গম দেওয়া হচ্ছে, তার বাজারমূল্য কমে গেছে। বর্তমানে দেশের বেশির ভাগ এলাকায় কাবিখা ও টিআরের চাল-গমের দাম অনেক কম। তাই সাংসদেরা নগদ অর্থ চেয়েছেন।
বাজেটের আগে কেন এ কথা বললেন না? এখন চার লাখ টন চাল-গমের কী হবে? এ প্রশ্নের জবাবে সরকারি দলের এই হুইপ বলেন, ‘ওই গম গ্রামের গরিব মানুষের মধ্যে কম টাকায় দেওয়ার প্রস্তাব করেছি। সরকার দেশের গরিব মানুষের জন্য এই ভর্তুকি দিতেই পারে।’
খাদ্য বিভাগের মহাপরিচালক ফয়েজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সারা দেশে পল্লি রেশনিংয়ের মাধ্যমে ওই চার লাখ টন টিআর-কাবিখার চাল-গম বণ্টন করার পরিকল্পনা করছি। দুই মাসের জন্য ১৩ টাকা কেজি দরে গম ও ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করলে এই মজুত শেষ হয়ে যাবে। তবে এর জন্য সরকারের অনুমোদন লাগবে।’
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এই চার লাখ টন চাল-গম বরাদ্দ দেওয়ার সময় সাংসদদের পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি। গত বছরের মে থেকে খাদ্য অধিদপ্তর যখন চাল ও গম কেনা শুরু করে, তখন বরং সাংসদদের পক্ষ থেকে অনানুষ্ঠানিক চিঠি বা ডিও লেটার দেওয়া হয়। তখন বাজারে গম ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। আর খাদ্য বিভাগ তা কিনছিল ২৮ টাকা দরে। আট টাকা মুনাফায় সরকারি গুদামে গম সংগ্রহ বাড়াতে ৮০ জন মন্ত্রী-সাংসদ ও স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতা অনানুষ্ঠানিক চিঠি দিয়েছিলেন। চিঠির পরিপ্রেক্ষিতে সরকার অতিরিক্ত এক লাখ টন গম সংগ্রহ করে।
মে থেকে জুন পর্যন্ত চাল-গম সংগ্রহ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলও দেখা দেয়। বেশ কয়েকটি স্থানে এ নিয়ে মারামারি ও খাদ্য অধিদপ্তরের স্থানীয় কার্যালয়ে হামলার ঘটনাও ঘটে।
এর আগে গত ২৩ নভেম্বর সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন বিভাগের সভায় প্রতি কেজি ওএমএস চালের দর ২৪ টাকা থেকে কমিয়ে ২০ এবং গমের দাম ১৯ টাকা করা হয়েছিল। কিন্তু এরপর সাড়ে তিন লাখ টন ওএমএসের চালের মধ্যে মাত্র এক হাজার টন বিক্রি হয়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এস মুর্শিদ প্রথম আলোকে বলেন, একবার দাম কমানোর পরও যেহেতু চাল ও গম বিক্রি হয়নি। তার মানে ওই খাদ্যের মান নিয়ে ক্রেতাদের মধ্যে প্রশ্ন আছে। সম্ভবত নিম্নমান হওয়ায় গ্রাহকেরা তা কিনতে রাজি হচ্ছে না। সরকারের উচিত দ্রুততার সঙ্গে এই চাল-গমের মান পরীক্ষা করে তারপর তা কোন খাতে কীভাবে ব্যয় হবে, সেই সিদ্ধান্ত নেওয়া।
মুর্শিদ আরও বলেন, চাল-গম সংগ্রহ নিয়ে এবার শুরু থেকে নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে। মনে হচ্ছে, এ বিষয়ে ব্যবস্থাপনাগত ত্রুটি আছে। আগামী এপ্রিল-মে থেকে বোরো ধান কাটা শুরু হবে। তখন সরকার যদি ওই বিপুল পরিমাণ চাল বাজারে ছাড়ে, তাহলে ধানের দাম কমে যাবে। ফলে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এখন আর সরকারের লোকসান কমাতে গিয়ে কৃষকের লোকসান বাড়ানো উচিত হবে না। তাই এই চাল-গম বাজারে না ছেড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বণ্টন করাটাই বুদ্ধিমানের কাজ হবে।