বরিশাল বিভাগের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে সংসার চালায়। এখন অনেকেই ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে। চাষের জন্য জমিতে সেচও দিতে হয়। সেচ দিতে পাম্প এবং ট্রাক্টর চালাতে প্রয়োজন জ্বালানি তেল। তিন দফা তেলের দাম বাড়ায় চাষের খরচও বেড়ে গেছে। কিন্তু বাড়েনি ধানের দাম। এ কারণে তেলের দাম কৃষকের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়েছে। একই কারণে পাল্লা দিয়ে বাড়ছে পরিবহন ভাড়া এবং শাকসবজি ও মাছের দাম। তেলের মূল্যবৃদ্ধির চাপ এসে পড়েছে সাধারণ মানুষের ঘাড়ে। তেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। এতে কৃষক, সরকারি ও বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণী-পেশার মানুষ বিপাকে পড়েছে। গত সোম ও মঙ্গলবার বরিশাল নগরের বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ড ও বিপণিবিতাণ ঘুরে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে মানুষের সঙ্গে কথা হয়েছে। তাঁদের সঙ্গে আলাপচারিতায় নানা সমস্যার কথা প্রকাশ পেয়েছে।মাছের বাজারে ঝাঁজ: মঙ্গলবার নগরের নতুন বাজারে মাছের দাম অধিক হাঁকায় ক্ষুব্ধ হন ভাটিখানা এলাকার মো. জামাল হোসেন। তিনি বাগিবতণ্ডা শুরু করে দেন মাছ ব্যবসায়ীর সঙ্গে। কারণ, এক সপ্তাহ আগে যে মাছের দাম ৫০০ টাকা ছিল, সেই মাছের দাম ৮০০ টাকা চাওয়া হয়েছে। দাম বেশি চাইছেন কেন, জানতে চাইলে মাছ ব্যবসায়ী বলেন, ‘ত্যালের দাম কমান, পরিবহন খরচ কমান, আমরাও কম দামে বেচমু।’মাছ ব্যবসায়ী সায়েদ শিকদার বলেন, তেলের দাম বাড়ায় সব জিনিসের দাম বাড়ছে। এর প্রভাব মাছের বাজারেও পড়েছে।কাঁচাবাজারও চড়া: নগরের বিভিন্ন কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, সব ধরনের সবজির দাম কেজিপ্রতি তিন থেকে পাঁচ টাকা বাড়ানো হয়েছে। নতুন বাজারের ব্যবসায়ী মো. আলমাস খান বলেন, ‘আমরা যশোর থেকে ট্রাকে কাঁচামাল আনি। ১৫ দিন আগে ট্রাক ভাড়া দিয়েছি ১৫ হাজার টাকা। জ্বালানি তেলের দাম বাড়ায় এই সপ্তাহে সেই ভাড়া ২৪ হাজার টাকা হয়েছে। অতিরিক্ত টাকা কোথা থেকে আসবে। তাই বাধ্য হয়ে সবজির দাম বাড়িয়ে সাধারণ ক্রেতাদের কাছ থেকে সেই টাকা ওঠানো হচ্ছে।’পরিবহন খাতেও বিশৃঙ্খলা: গত ২৯ ডিসেম্বর থেকে দূরপাল্লার বাসযাত্রীদের ভাড়া বাড়িয়ে কিলোমিটারপ্রতি এক টাকা ২০ পয়সার স্থলে এক টাকা ৩৫ পয়সা করা হয়েছে। তবে বাসমালিকেরা যাত্রীদের কাছ থেকে অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ব্রজমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুবর্ণা সরকার উজিরপুর সদর থেকে প্রতিদিন বাসে নগরে এসে ক্লাস করেন। হঠাৎ তাঁর কাছে ১২ টাকার ভাড়া ১৫ টাকা দাবি করায় ক্ষুব্ধ হন তিনি। তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে শেষ পর্যন্ত তাঁর কাছ থেকে ১৫ টাকা আদায় করা হয়েছে। নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সোমবার খুলনার বাসযাত্রী মো. মফিজুল ইসলাম বলেন, ‘সরকারি রেটের চেয়ে ভাড়া বেশি নিচ্ছে। আগে ৩০০ টাকা নেওয়া হলেও এখন নিচ্ছে ৩৭২ টাকা।’ সৌখিন পরিবহনের কন্ট্রাক্টর জামাল হোসেন বলেন, ‘ভাড়া নিয়ে প্রায়ই যাত্রীদের সঙ্গে বাগিবতণ্ডা হয়। আমরা কী করব। তেলের মূল্যবৃদ্ধি পেয়েছে, তাই আমরা বাড়তি ভাড়া আদায় করছি।’বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, বারবার তেলের দাম বাড়ানোয় বাধ্য হয়েই ভাড়া বাড়াতে হচ্ছে। মূলত গণপরিবহনের যাত্রীরা নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের হওয়ায় তাদের ওপর চাপ বেশি পড়ছে। কৃষি খাতে তেলের প্রভাব: সেচযন্ত্রের মালিক ও ট্রাক্টরচালক মো. হান্নান বলেন, ‘শুধু তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে চাষাবাদ করতে প্রয়োজন এমন সবকিছুর দাম বেড়েছে। আগে যে যন্ত্রাংশ ৮০ টাকায় কিনতাম, তার দাম এখন ১২০ টাকা হয়েছে।’ মুলাদী উপজেলার কৃষক আলী ঘরামি বলেন, ‘আগে এক ঘণ্টা সেচ দিলে পাম্পমালিককে দিতে হতো ৮০ টাকা। এখন পাম্পমালিক ১২০ টাকা দাবি করছেন। আমাদের হয়েছে মরণদশা।’ মেসবাড়িতে তেলেসমাতি: ব্রজমোহন কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিমেষ সমদ্দার ও শ্যামল জয়ধর জানান, তেলের দাম বাড়ার অজুহাতে বাড়িওয়ালা সিটভাড়া ৫০ টাকা বাড়িয়ে দিয়েছেন। বরিশাল মানবাধিকার জোটের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান জানান, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে। তেল দিয়ে রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে সরকারের ভাবা উচিত ছিল। ওই সব বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহ করতে গিয়ে সেই চাপ সামলাতে না পেরে তার বোঝা চাপানো হয়েছে সাধারণ মানুষের ওপর। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশিতা আহমেদ বলেন, তেলে দাম বাড়লে শুধু পরিবহন নয়, উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত সব ধরনের খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায়।