ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের চাষাঢ়া অংশে প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। পথচারীসহ যাত্রীসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, জেলার গুরুত্বপূর্ণ এই আট কিলোমিটার সড়কের ঢাকা-নারায়ণগঞ্জ (লিংক) দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটির চাষাঢ়া অংশে প্রায় এক কিলোমিটারজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। ভাঙাচোরা সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে ধুলাবালিতে গোটা এলাকা ঢেকে যায়। এক বছরে কয়েক দফা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জোড়াতালি দিয়ে সড়কটি মেরামত করলেও ইটের খোয়া ও পাথর উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। শহরে ঢোকার মুখে সড়কের করুণ অবস্থার কারণে শহরজুড়েই অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে।
জামতলা এলাকার বাসিন্দা বেসরকারি ব্যাংক কর্মকর্তা আবু তাহের জানান, প্রতিদিন ঢাকার মতিঝিলে অফিসে যেতে হয়। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের এক কিলোমিটার অংশের রাস্তা পাড়ি দিতে গিয়ে ধুলাবালিতে জামাকাপড় নষ্ট হয়ে যায়। নাকে-মুখে রুমাল চেপেও ধুলাবালি থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।
শহরের চাঁদমারী এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবুল কালাম অভিযোগ করেন, সওজ সড়কটি সংস্কারের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ মাত্র এক কিলোমিটার সড়ক ভালোভাবে সংস্কার করলে পথচারী ও জনসাধারণের দুর্ভোগ কমে যেত।
কয়েকজন পরিবহন মালিক বলেন, ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে তাঁদের গাড়িগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে। আর্থিক ক্ষতির সমঞ্চুখীন হতে হচ্ছে তাঁদের।
সওজ নারায়ণগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুর রহমান জানান, কয়েক দফা সংস্কার করা হলেও পানি জমে সড়কটি নষ্ট হয়ে আবার আগের অবস্থায় ফিরে গেছে। তবে সড়কটির এক কিলোমিটার অংশে আরসিসি ঢালাই দিতে মন্ত্রণালয় বরাদ্দ অনুমোদন করেছে। শিগগিরই কাজ শুরু হবে।