চাষাঢ়ার ঘটনায় পুলিশের মামলা
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গত রোববার পুলিশের সঙ্গে জনতার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে একটি মামলা করেছে পুলিশ। ওই দিন শহীদ মিনারে জেলা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে পিস্তল নিয়ে হামলা ও হুমকির অভিযোগে জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙারু পারভেজের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম। অন্যদিকে পারভেজও তাঁর ওপর হামলার অভিযোগ এনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন।সদর থানার ওসি মঞ্জুর কাদের জানান, পারভেজকে রোববার রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। দুই পক্ষের দুটি অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ‘পুলিশ সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে’: গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। অনুষ্ঠানে মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, রোববার শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে ক্যাঙারু পারভেজের নেতৃত্বে হামলার ঘটনায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ। বরং রাতেই থানা থেকে ছেড়ে দিয়েছে। সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতীয়মান হয়, পুলিশ প্রশাসন সন্ত্রাসী অপরাধীদের পক্ষাবলম্বন করেছে।