চাষাঢ়ায় আ. লীগ অফিসে বোমা হামলা: বিস্ফোরক মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার প্রায় ১৪ বছর পর বিচার শুরু হল বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটির। এতে অভিযুক্ত করা হয়েছে জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত উল্লাহ জুয়েলসহ ছয়জনকে। এই ছয়জন এ ঘটনায় করা হত্যা মামলারও আসামি।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী অভিযুক্ত ছয়জনের মধ্যে তিন আসামির উপস্থিতিতে মামলাটির অভিযোগ গঠন করেন। আগামী ২ আগস্ট দুটি মামলাতেই সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান।

২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে সংসদ সদস্য শামীম ওসমানের পূর্ব নির্ধারিত গণসংযোগ কর্মসূচি চলাকালে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। এতে ২০ জন নিহত হন। আহত হন শামীম ওসমানসহ অর্ধশতাধিক নেতা-কর্মী। ওই বোমা হামলার পরদিন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন। চারদলীয় জোট সরকারের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
এছাড়া বোমা হামলায় নিহত ফুটপাতের পিঠা বিক্রেতা হালিমা বেগমের ছেলে কালাম বাদী হয়ে শামীম ওসমান ও তাঁর দুই ভাইসহ অনেককে আসামি করে মামলা দায়ের করেন। ১ / ১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে উচ্চ আদালত কালামের দায়ের করা মামলাটি খারিজ করে খোকন সাহার মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত শেষে ২০১৩ সালের ২ মে ছয়জনকে আসামি করে দুই মামলাতেই অভিযোগপত্র দাখিল করে।

তবে এ নিয়ে নারাজি আপত্তি জানান বাদী। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২১ জানুয়ারি সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। সেখানে আসামি সংখ্যা অভিন্ন রেখে শুধুমাত্র সাক্ষীর সংখ্যা বাড়ানো হয়। সম্পূরক অভিযোগপত্রে তদন্তকারী ৮ কর্মকর্তার পাশাপাশি আরও ৩৭ জনকে সাক্ষী করা হয়। এতে আসামি করা হয় মুফতি আব্দুল হান্নান, শাহাদাত উল্লাহ জুয়েল ছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাশেম শকু, জঙ্গি নেতা আনিসুল মোরসালিন ও মাহবুব মোত্তাকিন এবং চাষাঢ়া এলাকার বাসিন্দা ওবায়দুল হক। তাঁদের মধ্যে মোরসালীন ও মোত্তাকীন ভারতের কারাগারে আটক এবং ওবায়দুল হক পলাতক রয়েছেন। আর শওকত হাশেম উচ্চ আদালত থেকে নেয়া জামিনে রয়েছেন।