চাষাঢ়ায় আ.লীগ কার্যালয়ে বোমা হামলার দশম বার্ষিকী পালিত
নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার দশম বার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন বোমা বিস্ফোরণস্থলে নারায়ণগঞ্জ পৌরসভা নির্মিত স্মৃতিস্তম্ভে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বোমা হামলায় আহত অনেকেই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে সেই দিনের ভয়াবহ বোমা হামলা ও নারকীয় হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করেন। বিকেলে নারায়ণগঞ্জ জেলা, শহর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের তোলারাম কলেজ থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে এসে জমায়েত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক খোকন সাহা, বোমা হামলায় দুই পা হারানো ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল প্রমুখ। পরে সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, বোমা হামলায় নিহত ও আহতদের পরিবার।