চাষাঢ়ায় গাড়িচাপায় নারী নিহত, চালক ও সহকারী আটক
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কাভার্ড ভ্যানের চাপায় সামসুন্নাহার বেগম নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
নিহত সামসুন্নাহার (৪০) শহরের ইসদার এলাকার পোশাক ব্যবসায়ী শফিকুল ইসলামের স্ত্রী।
সামসুন্নাহারের দেবর রফিকুল ইসলাম বলেন, গতকাল বিকেল চারটার দিকে তাঁর বড় ভাইয়ের স্ত্রী সামসুন্নাহার এইচএসসি শিক্ষার্থী মেয়ে বুশরাকে নিয়ে রিকশাযোগে শহরের চাষাঢ়া এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছিলেন। পথে চাষাঢ়ার মোড়ে তাঁদের বহনকারী রিকশাটিকে পেছন থেকে চাপা দেয় গাজীপুর থেকে আসা একটি সুতাভর্তি কাভার্ড ভ্যান। এতে সামসুন্নাহার গুরুতর ও বুশরা সামান্য আহত হন। দুজনকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামসুন্নাহারকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল মালেক বলেন, এলাকাবাসীর সহায়তায় কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।