চাষাঢ়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবক নিহত
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় গতকাল বুধবার আবাসন কোম্পানির নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবদুল হালিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হালিম ওই ভবনের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। তিনি ঝালকাঠির কাঁঠালিয়ার আবদুল হাকিম হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী দুই নির্মাণশ্রমিক বলেন, সকাল ৯টার দিকে ‘রূপায়ণ বেইলি’ ১৬ তলা ভবনের ভেতরে লিফট বসানোর জন্য নির্ধারিত ফাঁকা জায়গা দিয়ে পড়ে যান আবদুল হালিম। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। রূপায়ণ টাওয়ারের প্রধান প্রকল্প প্রকৌশলী মোয়াল্লেম সহকর্মীদের নিয়ে হালিমের লাশ একটি বস্তায় ভরে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। আর প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিষয়টি থানা-পুলিশকে না জানিয়ে অফিসে তালা দিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রতিষ্ঠানের এক নিরাপত্তা কর্মীকে আটক করা হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, বহুতল ভবনের ওপর থেকে পড়ে হালিমের মৃত্যু হয়েছে। ঘটনার পর রূপায়ণ টাওয়ারের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শাহবাগ থানা-পুলিশের তত্ত্বাবধানে ময়নাতদন্ত হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই প্রতিষ্ঠানের এক নিরাপত্তা প্রহরীকে ছেড়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এটি দুর্ঘটনা নাকি হত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে গতকাল বিকেল পাঁচটায় চাষাঢ়ায় রূপায়ণ বেইলিতে গিয়ে কথা বলা জন্য দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। প্রকল্পের প্রধান গেট ভেতর থেকে বন্ধ ছিল। নিরাপত্তা প্রহরীদের কাউকে পাওয়া যায়নি।