চাষাঢ়ায় পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ার একটি পুকুরে ডুবে গতকাল শুক্রবার এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মোহাইমিনুল ইসলাম রুমি (১৫)।
উত্তর চাষাঢ়ার বাসিন্দা মাহফজুল ইসলামের ছেলে মোহাইমিনুল নারায়ণগঞ্জ আইডিয়াল উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ত। দুই ভাইবোনের মধ্যে সে ছিল ছোট।
পুলিশ জানায়, তীব্র দাবদাহের পর গতকাল বিকেলে বৃষ্টি শুরু হলে মোহাইমিনুল বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলে। খেলা শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তর চাষাঢ়ায় মসজিদসংলগ্ন পুকুরে গোসল করতে নামে তারা। একটি ফুটবল নিয়ে গোসল করছিল মোহাইমিনুল। এ সময় হাতে থাকা ফুটবল ফসকে গেলে পানিতে তলিয়ে যায় সে। এ সময় বন্ধুরা উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। পরে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি এসে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে। নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।