চাষাঢ়ায় ফোয়ারার চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ার পৌর শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত পানির ফোয়ারার চুরি যাওয়া যন্ত্রাংশ ও রঙিন বাতি এখনো উদ্ধার হয়নি। উপড়ে ফেলা হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে রোপণ করা দুটি পলাশ গাছ। এ ব্যাপারে পৌরসভার আইন সহকারী আবুল হোসেন গত ২৮ নভেম্বর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।পৌরসভার মেয়র সেলিনা হায়াত বলেন, এটি সাধারণ চুরি নয়, পরিকল্পিত নাশকতা। যাতে বিজয় দিবসে শহীদ মিনারের ফোয়ারাটি সচল না থাকে, এ কারণে এ ঘটনা ঘটানো হয়েছে। প্রাথমিকভাবে এটি মাদকসেবীদের কাজ বলে মনে করা হলেও আসলে তা নয়। এ ছাড়া মাদকসেবীরা দুটি পলাশ গাছ উপড়ে ফেলবে, এমন আশঙ্কা কেউ করে না।সেলিনা হায়াত আরও বলেন, শহীদ মিনারের প্রাচীর নির্মাণ, আকর্ষণীয় বেদি ও এর পাশেই ফোয়ারা, দেয়ালে ম্যুরাল, প্রবেশ এবং বের হওয়ার জন্য পৃথক রাস্তা, গেট নির্মাণ, সৌন্দর্যবর্ধনে পৌরসভার ৫০ লাখ টাকা খরচ হয়েছে। নিরাপত্তার জন্য ফ্লাডলাইটের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুতের ঘাটতি কমাতে পৌরসভা শুধু জাতীয় দিনগুলো এবং সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যার পর ফোয়ারটি চালু করত।নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১৯৮৫ সালের ১৪ ফেব্রুয়ারি চাষাঢ়ায় পৌরসভার জমিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়। নারায়ণগঞ্জ শহরে এটিই প্রধান ও কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর জনতার ঢল নামে। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, ফোয়ারার যন্ত্রাংশ চুরি এবং পলাশ গাছ উপড়ে ফেলার ঘটনা উদ্বেগজনক। শহীদ মিনারের পবিত্রতা রক্ষা এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা যায় কি না, পৌর কর্তৃপক্ষ বিবেচনা করে দেখতে পারে।নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, পুলিশ জিডির বিষয়টি তদন্ত করছে।