জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা ২০০১ সালে চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা ও ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ বন্ধসহ মাদক বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এসিডদগ্ধ সাত নারীকে সরকারি অনুদান দেওয়া হয়। সভায় নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সাংসদ এ কে এম নাসিম ওসমান বলেন, ‘র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কোনো কোনো সদস্য অপতৎপরতা চালাচ্ছেন। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেন, ঝুট ব্যবসা বা ব্যক্তিস্বার্থকে কেন্দ্র করে শ্রমিকদের ব্যবহার করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বলেন, এসিডদগ্ধ নারীদের নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান বলেন, জঙ্গি দুই ভাই মোরসালিন ও মুত্তাকিন দিল্লিতে আটক রয়েছেন। তাঁরা চাষাঢ়া বোমা হামলার কথা স্বীকার করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে বোমা হামলার রহস্য জানা যাবে। জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ প্রবণতা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, সিভিল সার্জন মতিয়ার রহমান, আওয়ামী লীগের নেতা আবদুল হাই, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রুমন রেজা প্রমুখ।