মৌসুমের শেষ সময়ে এসেও আদা-হলুদের দাম না বাড়ায় চাষিরা হতাশ হয়ে পড়েছেন। উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিদেশ থেকে আমদানির কারণে আদা-হলুদে এ অবস্থার সৃষ্টি হয়েছে। চাষি, ব্যবসায়ী ও কৃষিবিদদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
রাঙামাটির সবচেয়ে বড় আদা ও হলুদের বাজার কাউখালী উপজেলার ঘাগড়া বাজার। সরেজমিনে ঘুরে জানা গেছে, ওই বাজারে প্রতি সপ্তাহে দুই দিন আদা-হলুদ কেনা-বেচা চলে। প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার মণ আদা এবং কাঁচা ও শুকনা মিলিয়ে ১০ থেকে ১২ মণ হলুদ বিক্রি হয়। দেখা গেছে, আদাভেদে প্রতিমণ বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত। অপর দিকে হলুদ কাঁচা প্রতি মণ ২৫০ থেকে ৩০০ টাকা এবং শুকনা দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা।
রাঙামাটি কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ রমণী কান্তি চাকমা বলেন, চাষিদের নানা সমস্যা ছাড়াও ব্যবসায়ীদের সিন্ডিকেটের ওপর আদা-হলুদের দাম নির্ভরশীল।
আদা-হলুদ চাষিদের উৎপাদনে খরচ বেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকের মজুরি অনেক বেড়ে গেলেও এ বছর সারের দাম কম ছিল। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী চলতি মৌসুমে রাঙামাটি জেলায় আদা চাষ হয়েছে প্রায় আট হাজার ৫০০ একর এবং হলুদ চাষ হয়েছে ছয় হাজার ৫০০ একর জায়গায়।
রাঙামাটির সদর উপজেলার মগবান ইউনিয়নের রাইন্যাছড়ি গ্রামের চাষি আর্য্য তঞ্চঙ্গ্যা (৩২) ও কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের গাছখালী গ্রামের প্রদীপ চাকমাসহ (৩৫) চাষিরা বলেন, গত বছরের তুলনায় এ বছর আদার দাম সামান্য বেশি পাওয়া যাচ্ছে। তবে সার, বীজ, মজুরিসহ সব কিছুর দাম বেড়ে গেছে।
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি গ্রামের ফারুক তঞ্চঙ্গ্যা (৩৪) বলেন, ‘ছয় কানি (আড়াই কানিতে এক একর) জমিতে আদা চাষ করেছি। মৌসুমের শুরুতে (ডিসেম্বর) কিছু আদা বিক্রি করে আশানুরূপ দাম না পাওয়ায় অপেক্ষায় ছিলাম, মৌসুমের শেষ পর্যায়ে দাম পাব। কিন্তু এখন দেখছি একই অবস্থা।’
ঢাকার কারওয়ান বাজারের ব্যবসায়ী আতাউর রহমান (৪২) বলেন, ‘বাজার খারাপ। এখান থেকে আদা কিনে ঢাকায় নিতে প্রতি কেজির দাম পড়ে ১২০ টাকার কাছাকাছি। আর ভারত, মিয়ানমার থেকে আনা আদা বিক্রি হয় ৯০ টাকায়। সে কারণে চাষি, ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি।’