চাষি দম্পতির কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার আতশপাড়া গ্রামের সবজিচাষি অসীম তরফদারের খেতের ৫০০ শিমগাছই কেটে ফেলা হয়েছে। দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাতে গাছগুলো কেটে ধ্বংস করে। গতকাল সোমবার ওই খেতে গিয়ে অসীমের স্ত্রীকে কাঁদতে দেখা গেছে। অসীম তরফদার জানান, তাঁর নিজের জমি বলতে কিছুই নেই। সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে পাশের গ্রামের দাউদ মাস্টারের কাছ থেকে ২৪ শতাংশ জমি নিয়ে মৌসুমি শাকসবজি চাষ শুরু করেন। স্বামী-স্ত্রী দুজনে মিলে ওই জমিতে ক্ষীরা, আলু, শিম, ঝিঙা, টমেটো, ডাঁটা, পালংশাক, পুঁইশাক চাষ করে প্রতিবছরের আয়ে তিন মেয়ের লেখাপড়ার খরচসহ সংসার চালান। এ বছর তিনি জমিতে শিম চাষ করেছেন। ভালো ফলনও হয়েছে।স্থানীয় মাইজপাড়া হাটে ১০ মণ শিমও বিক্রি করেছেন। বিক্রির টাকা থেকে জমির মালিককে পাঁচ হাজার টাকা পরিশোধ করেছেন। পরিবার নিয়ে অসীম যখন সুখের স্বপ্ন দেখতে শুরু করেছেন, তখন শত্রুতা করে কে বা কারা খেতের ৫০০ শিমগাছই কেটে ফেলে। গতকাল সোমবার ওই গ্রামে গিয়ে দেখা গেছে, অসীম তরফদার ও তাঁর স্ত্রী চন্দনা তরফদার ঢলে পড়া শিমগাছগুলো ধরে কাঁদছেন। গ্রামের ব্যবসায়ী আনিচুর রহমান, রেপতি বিশ্বাস, ছত্তার মোল্যা বলেন, ওরা কোনো গ্রাম্য দলাদলির মধ্যে থাকে না। গরিব মানুষ। পরের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে। যারা এমন কাজ করল, তাদের বিচার হওয়া উচিত।চন্দনা তরফদার বলেন, ‘রাত নেই দিন নেই, আমরা গাছগুলোরে অনেক যত্ন করিছি। কারা আমার গাছগুলো কাটে ফেলল। ওর চেয়ে আমার গলায় পোচ দিয়ে গেল না কেন? এহোন কি করে সংসার চালাব, মেয়েদের লেখাপড়া শেখাব।’অসীম তরফদার বলেন, ‘বছরে পাঁচ হাজার টাকার বিনিময়ে ২৪ শতক জমিতি বিভিন্ন সবজি আবাদ করে সংসার চালাই। একবার মাত্র শিম বিক্রি করে জমির টাকা শোধ করিছি। এর পিছনে আরও প্রায় পুনারো (পনর) হাজার টাকার মতো খরচ করিছি।’ তিনি দাবি করেন, এত তাঁদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।মাইজপাড়া ইউপির চেয়ারম্যান মাহাবুব মুর্শেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করা হবে।