চাষিকে হাত-পা বেঁধে গর্তে লুকিয়ে রাখার অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত বৃহস্পতিবার রইছ উদ্দিন (৫০) নামের এক চাষিকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাঁকে উপজেলার রায়পাশা গ্রামের জঙ্গলের ভেতর এক গর্তে লুকিয়ে রাখা হয়েছিল। তাঁর বাড়ি উপজেলার কোনা দেউলডাংড়া গ্রামে।এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রায় নয় ঘণ্টা গর্তে পড়ে থাকার কারণে রইছ উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাঁর ছোট ভাই আবু ছিদ্দিক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রইছ উদ্দিন জানান, তিনি জমি বর্গা নিয়ে চাষ করে জীবিকা নির্বাহ করেন। রায়পাশা গ্রামের সুনাম উদ্দিনের কাছ থেকে তিনি চার মাস আগে একখণ্ড জমি বর্গা নেন। সেটি বাবদ তাঁর কাছে সুনামের তিন হাজার টাকা পাওনা ছিল। ভাইকে বিদেশে পাঠানোর জন্য টাকা জমা দিতে ময়মনসিংহ শহরের যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে সুনামের বাড়ির সামনে তাঁকে কয়েক যুবক আটক করেন। তাঁরা তাঁকে প্রচণ্ড মারধর করে জঙ্গলে নিয়ে একটি গর্তে লুকিয়ে রাখেন। পরে গ্রামের লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়।