চাষিদের কাছ থেকে অতিরিক্ত সেচখরচ আদায়ের অভিযোগ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সেচযন্ত্রের মালিক ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বোরো চাষিদের কাছ থেকে অতিরিক্ত সেচখরচ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সেচ কমিটির বেঁধে দেওয়া নির্ধারিত সেচমূল্য তারা মানছে না। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কিছু অপারেটর কৃষকদের কাছে বেশি টাকা দাবি করেছে বলে অভিযোগ পেয়েছি।’আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর (সূর্যপাড়া) গ্রামের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচের গ্রাহক সমিতির সভাপতি মো. মোতাহার আলী ও সাধারণ সম্পাদক লুকাস কিসকু অভিযোগ করেন, সেচযন্ত্রের অপারেটর মো. এমদাদুল হক কৃষকদের কাছ থেকে একরপ্রতি দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা আদায় করছেন।রাঙামাটি গ্রামের মো. সামরুজ্জামান অভিযোগ করেন, অপারেটর মিজান কৃষকদের কাছ থেকে তিন হাজার টাকা নিচ্ছেন। টাকা দিতে আপত্তি জানালে জমিতে পানি দেওয়া বন্ধের হুমকি দেন। ওই অভিযোগ তাঁরা উপজেলা কৃষি কর্মকর্তাকে লিখিতভাবে দিয়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেচের মূল্য নির্ধারণের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা না থাকার কারণে সেচযন্ত্রের মালিকেরা সুযোগ নিচ্ছেন।সেচযন্ত্রের মালিক বেতদীঘি গ্রামের সহকারী অধ্যাপক মো. ইলিয়াছুর রহমান শাহ বলেন, ‘বোরো চাষিদের জন্য সেচযন্ত্রের মালিকদের টাকা মজুদ রাখতে হয়। অধিকাংশ কৃষক বাকিতে সেচ নেন। ধান ওঠার পর তাঁরা টাকা দেন। এ কারণে ওই সব কৃষকের কাছ থেকে কিছু বেশি টাকা নিতে হয়। এটা দোষের কিছু নয়।’বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম বলেন, ‘আমরা ঘণ্টায় ৭০ টাকা হিসাবে জমিতে সেচ দিই। এতে একরপ্রতি সেচমূল্য সর্বোচ্চ এক হাজার ৮০০ টাকা পড়ে। কিছু কৃষক বাকিতে সেচ নেন। সম্ভবত অপারেটররা ওই কৃষকদের কাছ থেকে অতিরিক্ত সেচখরচ দাবি করেন।’উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, কৃষক ও সেচযন্ত্রের মালিকদের তথ্যের ভিত্তিতে একরপ্রতি এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকা সেচমূল্য নির্ধারণ করা হয়েছে। সেচখরচের বিষয়ে কৃষকেরা প্রতিদিনই অভিযোগ করছেন, কিন্তু সিদ্ধান্ত না মানলে সেচযন্ত্রের মালিকদের বিরুদ্ধে করণীয় বিষয়ে নীতিমালায় কিছু বলা নেই। এ কারণে সমস্যা হচ্ছে।