চাষিদের কাছ থেকে কৃষিপণ্য ক্রয় ও রেশন চালুর দাবি
সব কৃষি ফসল ন্যায্যমূল্যে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় এবং গ্রাম ও শহরের গরিব মানুষের জন্য আর্মি রেটে রেশনব্যবস্থা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট দিনাজপুর জেলা শাখা।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় একটি বিক্ষোভ মিছিল দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৩ দফা দাবিসংবলিত স্মারকলিপির একটি কপি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু রায়হান মিয়ার কাছে জমা দেওয়া হয়।
বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক রেজাউল ইসলাম বলেন, বর্তমানে যেভাবে কৃষি ফসল কেনা হয়, তাতে কৃষক নয় সরকারি দলের সাংসদ ও মন্ত্রীদের প্রভাবশালী নেতা-কর্মীরা লাভবান হচ্ছেন। মন্ত্রী-সাংসদের ডিও লেটারের মাধ্যমে প্রভাবশালী মিলাররা হাটবাজারে কৃষকের ফসল কিনে সরকারি গুদামে দিয়ে অধিক মুনাফা লুটে নিচ্ছেন। কৃষির সঙ্গে যুক্ত বিরাট সংখ্যক খেতমজুর-দিনমজুর, যাঁদের বছরে বেশির ভাগ সময় কাজ থাকে না, তাঁদের জন্য ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প ও আর্মি রেটে রেশন সরবরাহের দাবি করেন বক্তারা।