চাষিদের কাছ থেকে ধান কেনার দাবিতে বগুড়ায় মানববন্ধন
সরকারি উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল কেনাসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে বগুড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন চাষিরা। প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভেলপমেন্ট (পেসড), সিএসআরএল ও কর্মজীবী নারীদের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেসডের নির্বাহী পরিচালক মাহফুজ আরা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার সভাপতি মোস্তফা আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাসিদ নিগার খন্দকার, নাজমা আকতার, জিয়াউল হক, জিয়াউর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে ধান ও চালের লাভজনক মূল্য নির্ধারণ, সরকারি উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও চাল ক্রয়, খাদ্যশস্য স্থানীয় বাজারে থাকাকালে খাদ্য আমদানি না করা, আমদানি করা খাদ্যশস্য গুদামজাত না করে বাজারে ছেড়ে দিয়ে স্থানীয় বাজার থেকে কিনে আপৎকালীন খাদ্য মজুদ নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সুদমুক্ত স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার দাবি জানান।