চাষিদের জন্য স্বস্তির বৃষ্টি
বেশ কয়েক বছরের মধ্যে গত সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে গোটা জেলাতেই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।ব্যাপক বৃষ্টির ফলে জেলার বিভিন্ন স্থানের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি পুকুর-খাল-বিল ভেসে গেছে। কিন্তু এই বৃষ্টি জেলার আউস ও আমনচাষিদের কাছে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। গত মঙ্গলবার খুব সকাল থেকে বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা তাঁদের আমন ধানের খেত প্রস্তুত করার কাজে নেমে পড়েছেন। আইল ঠিক করে পানি ধরে রাখা খেতে হাল চাষ করার কাজে ব্যস্ত হয়ে পড়ার দৃশ্য দেখা যায় গোটা বরেন্দ্র অঞ্চলেই বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আক্তারুজ্জামান। তিনি জানান, এ বৃষ্টিপাতের ফলে আউস ও আমনচাষিরা দারুণভাবে উপকৃত হবেন। আউস ধান রোপণ যে পরিমাণ বাকি ছিল, তা এই বৃষ্টিপাতের পর পূরণ হয়ে যাবে। অন্যদিকে আমন ধানের খেত প্রস্তুতের জন্যও যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আমন ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হতে দুশ্চিন্তার আর কারণ থাকল না। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৫০ মিলিমিটার, শিবগঞ্জে ৮০ মিলিমিটার, গোমস্তাপুরে ৭৮ মিলিমিটার, নাচোলে ৫০ মিলিমিটার ও ভোলাহাটে ২০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।