চাষিদের ধর্মঘটে মাড়াই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইলের মাধ্যমে আখের মূল্য পরিশোধে জটিলতা দেখা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখ সরবরাহ বন্ধ করে দিয়েছেন স্থানীয় আখচাষিরা। আখের অভাবে গতকাল শনিবার থেকে মিল বন্ধ রয়েছে।
উত্তরবঙ্গ চিনিকল আখ চাষি সমিতি এ ধর্মঘটের ডাক দেয়। গতকাল সকালে মিলে গিয়ে দেখা যায়, আখের কোনো গাড়ি নেই। কাজ না থাকায় ওজন রুমের লোকজনও বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আখের সরবরাহ না থাকায় বেলা ১১টায় মাড়াই বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মচারীরা।
স্থানীয় কৃষকেরা বলেন, এ বছর মোবাইলের শিওর ক্যাশের মাধ্যমে আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য খুব স্বল্পসময়ে কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হিসাব খোলা হয়। কিন্তু ২৮ অক্টোবর আখমাড়াই শুরুর পর কয়েক হাজার গাড়ি আখ মিলে সরবরাহ করা হয়। কিন্তু এখন পর্যন্ত মোবাইল বা নগদে কোনো কৃষকের টাকা পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ।
কেশবপুর গ্রামের কৃষক আবদুস সালাম জানান, গত এক সপ্তাহে তিনি পাঁচ-ছয় গাড়ি আখ মিলে সরবরাহ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পাননি। এদিকে গাড়িভাড়া না পেয়ে গাড়িওয়ালারা আখ বহন বন্ধ রেখেছেন। ইসলামপুর গ্রামের যাফর আলী জানান, ‘এ পর্যন্ত ২৫ গাড়ি আখ বহন করেছি, কিন্তু কোনো টাকা পাইনি। গৃহস্থ টাকা না পেলে আমাদের দিবে কোথা থেকে? তাই আখ বহন বন্ধ রেখেছি।’
এদিকে আখের মূল্য শনিবার নগদে পরিশোধ করবে বলে মিল কর্তৃপক্ষ শুক্রবার রাতে এলাকায় মাইকিং করে জানিয়ে দেয়। কিন্তু সকালে কৃষকদের টাকা দেয়নি কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ আখ চাষি সমিতির সভাপতি ইব্রাহিম খলিল জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল আজিজ বলেন, শুধু মিলগেটে আখ সরবরাহ বন্ধ আছে। তবে ৩০টি ক্রয়কেন্দ্রে আখের সরবরাহ স্বাভাবিক রয়েছে। গতকাল সব চাষিকে মোবাইলে আখের টাকা দেওয়া হয়েছে। কিন্তু পিন নম্বর না থাকায় সেটা তাঁরা ওঠাতে পারছেন না। প্রত্যেক চাষিকে পিন নম্বর পৌঁছে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মাহবুবর রহমান জানান, মিলের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আখচাষিদের আখ সরবরাহ করতে বাধা দিচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।