চাষিদের পাওনা ও শ্রমিকদের বেতন বন্ধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি বিক্রি না হওয়ায় নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল চিনিকলের শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন দিতে পারেনি চিনিকল কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্তৃপক্ষ আখচাষিদের পাওনা ১২ কোটি টাকাও পরিশোধ করতে পারেনি।বেতনের দাবিতে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা গতকাল সোমবার মানববন্ধন করেছেন। গত ২৮ জানুয়ারি কয়েক শ আখচাষি পাওনা টাকার দাবিতে বিক্ষোভ করেন।চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম জানান, দুই মাস ধরে বেতন না পাওয়ায় চিনিকলের শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের অনেকেই সুদে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন।চিনিকল সূত্রে জানা গেছে, ২০১১-১২ আখমাড়াই মৌসুমের সাত হাজার ৮৭৬ মেট্রিক টনসহ মোট ১৭ হাজার ৪৭ দশমিক ৭৫ মেট্রিক টন চিনি গতকাল সোমবার পর্যন্ত চিনিকলের গুদামে মজুত রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৯০ কোটি টাকা। এই চিনি বিক্রি না হওয়ায় আখচাষিদের পাওনা প্রায় ১২ কোটি টাকা দিতে পারছে না চিনিকল কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্তৃপক্ষ দুই মাস থেকে চিনিকলের শ্রমিক-কর্মচারীদেরও বেতন দিতে পারছে না।চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবর রহমান জানান, ডিলাররা নিয়মিত চিনি উত্তোলন করছেন না। আবার স্থানীয়ভাবেও চিনি বিক্রি হচ্ছে না। মূলত চিনি বিক্রি না হওয়ায় চিনিকলটি অর্থসংকটে পড়েছে।স্থানীয় চিনি ব্যবসায়ীরা জানান, ওই চিনিকলের প্রতি কেজি চিনির দাম ৫২ টাকা। অথচ বিদেশ থেকে আমদানি করা চিনি কেজিপ্রতি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ কারণে বাজারে ওই চিনিকলের চিনির চাহিদা নেই।