চাষিদের বাদ দিয়ে গম কেনা হলো ব্যবসায়ীদের কাছ থেকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলা খাদ্যগুদামে গম কেনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগমতে, কৃষকদের বাদ দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে রাতারাতি গম নিয়ে কেনা শেষ করেছে উপজেলা খাদ্য বিভাগ।উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম অভিযোগ করেন, গত ২৬ এপ্রিল উপজেলা পরিষদে ক্রয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৯ তারিখের মধ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দেওয়া স্লিপের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে গম কিনতে হবে। কিন্তু উপজেলার খাদ্য নিয়ন্ত্রক চেয়ারম্যানদের স্লিপ ছাড়াই গত ২৯ এপ্রিল ব্যবসায়ীদের কাছ থেকে ১২৫ মেট্রিক টন গম কেনেন। এতে প্রকৃত চাষিরা তাঁদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন।এ ব্যাপারে কথা বললে ডোমারের উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যানেরা স্লিপ দিতে অপারগতা প্রকাশ করলে আমরা আমাদের নীতিমালা অনুযায়ী প্রতিজনের কাছ থেকে সর্বোচ্চ পাঁচ টন হিসাবে গত ২৭, ২৮ ও ২৯ এপ্রিল গম কিনি। এখানে দুর্নীতি বা অনিয়মের কোনো প্রশ্নই আসে না।’ এই প্রতিজন কারা ছিলেন—এমন প্রশ্নের জবাবে খাদ্য কর্মকর্তা জানান, যে কেউ হতে পারেন। ডোমারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান মিঞা বলেন, ‘আমি ওই কমিটির একজন সদস্য মাত্র। ওই কমিটির সভাপতি উপজেলার চেয়ারম্যান। এ ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাইনি। এখন শুনলাম, বিষয়টি দেখব।’অভিযোগের সত্যতা নিশ্চিত করে ডোমারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বসুনিয়া প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি ডোমারের সবাই জানেন। ডোমারের দুই সাংসদকেও জানানো হয়েছে।’ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, ‘সভার সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যানদের স্লিপ ছাড়াই ২৮ তারিখ রাতে ব্যবসায়ীদের কাছ থেকে মাল কিনেছেন খাদ্য কর্মকর্তা। এখন বাঁচার জন্য চেয়ারম্যানদের কাছে স্লিপের জন্য ধরনা দিচ্ছেন। কিন্তু চেয়ারম্যানরা তাঁদের স্লিপ ছিঁড়ে ফেলেছেন।’এ ব্যাপারে কথা বললে ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউপির চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, ‘গত ২৮ তারিখে উপজেলা উন্নয়ন কমিটির সভায় আমরা চিঠি পাই। আমার ইউনিয়নে ১৩ মেট্রিক টন গমের বরাদ্দ দেওয়া ছিল। চিঠিতে আপত্তিকর কিছু কথা থাকায় (ইতিপূর্বে ধান কেনায় অনিয়ম হয়েছে এবং উপজেলা পরিষদের সঙ্গে সমন্বয় করে স্লিপ দিতে হবে) আমরা স্লিপ না দেওয়ার সিদ্ধান্ত নিই।’