চাষিদের মাথায় কেবল শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কচি কচি পাতা। গাছ বেড়েছে এক হাত। সবুজ পাতায় ছেয়ে গেছে মুন্সিগঞ্জের প্রান্তর।

সময় এখন আলু চাষের। আর আলুর অঘোষিত রাজধানী মুন্সিগঞ্জের চারদিকে কৃষকেরা এখন ব্যস্ত আলু ফসল নিয়ে। সরেজমিনে ঘুরে এমনটাই দেখা গেল।
মুন্সিগঞ্জের কৃষকেরা জানালেন, অগ্রহায়ণে শুরু হয়েছে চাষ। আর ফসল ঘরে উঠবে ফাল্গুনে।

আলুর অঘোষিত রাজধানী মুন্সিগঞ্জের চারদিকে কৃষকেরা এখন ব্যস্ত আলু ফসল নিয়ে। এক শ্রমিক খেতে পানি ছিটাচ্ছেন। ছবি: আসাদুজ্জামান
আলুর অঘোষিত রাজধানী মুন্সিগঞ্জের চারদিকে কৃষকেরা এখন ব্যস্ত আলু ফসল নিয়ে। এক শ্রমিক খেতে পানি ছিটাচ্ছেন। ছবি: আসাদুজ্জামান

জেলা প্রশাসক শায়লা ফারজানা প্রথম আলোকে বললেন, ‘মুন্সিগঞ্জে আলুর উৎপাদন বেশি। এটা এ জেলার ঐতিহ্য। এখানকার মাটি ভালো বলে আলুর স্বাদও ভালো।’
কৃষকদের ভাষ্য, মুন্সিগঞ্জের মধ্যে সিরাজদিখান উপজেলার তাজপুর মাঠে বড় আয়তনে আলুর চাষ হয়। ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকাজুড়ে সেখানে আলুর চাষ হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে জেলার সিরাজদিখান উপজেলার তাজপুরে গিয়ে দেখা গেল, শ্রমিকেরা খেতের ঘাস তুলে ফেলছেন। পানি ছিটাচ্ছেন। ওষুধ স্প্রে করছেন।

জেলার কৃষি কর্মকর্তা হুমায়ুন বললেন, আলুর চাষের ইতিহাস বলতে গেলে মুন্সিগঞ্জের নাম আসবে। আসবে সিরাজদিখানের তাজপুরের নাম। তাঁর ভাষ্য, মুন্সিগঞ্জে ডায়মন্ড প্রজাতির আলুর চাষ বেশি হয়। শতকরা ৯৫ ভাগ জমিতে এই প্রজাতির আলুর চাষ করেন চাষিরা। এ ছাড়া অ্যাসপেরিক, ক্যারেজ, পেট্রোলিজ, কার্ডিনাল, মুল্টা ও লেডিরোসেটা প্রজাতির আলুর চাষ হয়।

তাজপুরের আলুর খেত। ছবি: আসাদুজ্জামান
তাজপুরের আলুর খেত। ছবি: আসাদুজ্জামান

তাজপুর মাঠে ২২ কানি (এক কানিতে ১৬০ শতাংশ) জমিতে আলু চাষ করেছেন শাহজাহান। আলুর পুরোনো কারবারি শাহজাহান বলছিলেন, ‘আলুর ফলন যদি ভালো হয়, তাহলে আলু চাষের মতো লাভজনক আর কোনো ব্যবসা নেই। আর যদি ফলন খারাপ হয়, তাহলে চাষি একদম মাঠে মারা যান।’

তবে শীত কম থাকায় চাষিরা ভয়ে আছেন। তাঁদের ভাষ্য, তাপমাত্রা বেড়ে গেলে আলুর খেতে পোকার আক্রমণ বেড়ে যাবে। এবার শীত কম। যেকোনো মুহূর্তে আলুর মড়ক দেখা দিতে পারে।

তাজপুরের আলু চাষি আবদুর রহমান বলেন, ‘ভয়ে আছি। শীত নাই। এ রকম শীত থাকলে পোকার আক্রমণে সব আলু নষ্ট হয়ে যাবে। শীত যদি বেশি না পড়ে তাহলে মুন্সিগঞ্জের আলু চাষিরা পথে বসে যাবে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (মুন্সিগঞ্জ) কর্মকর্তা হ‌ুমায়ুন কবির প্রথম আলোকে বলেছেন, এখন পর্যন্ত যে আবহাওয়া তাতে চিন্তার কিছু নেই। ফলনও খারাপ হওয়ার কথা নয়। তবে যদি শীত কম থাকে তাহলে সত্যি সত্যি পোকার আক্রমণ বেড়ে যাবে; যা মহামারি আকার ধারণ করতে পারে। আবহাওয়ার ওপর আলুর ফলন নির্ভর করে। বেশি তাপমাত্রা আলু চাষের জন্য হুমকি।

এই তিন নারী শ্রমিক খেতের ঘাস তুলে ফেলছেন। ছবি: আসাদুজ্জামান
এই তিন নারী শ্রমিক খেতের ঘাস তুলে ফেলছেন। ছবি: আসাদুজ্জামান

কৃষকেরা বলছেন, গত বছরও জানুয়ারির মাঝামাঝি শীত ছিল বেশি। কিন্তু এবার একদম কম। অন্যবার অগ্রহায়ণের প্রথম সপ্তাহে জেলাজুড়ে আলু লাগানো হয়ে যায়। কিন্তু এবার মাঠের পানি দেরিতে শুকানোয় চাষও একটু দেরিতে হয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, চলতি বছর মুন্সিগঞ্জে ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। গত বছর ৩৮ হাজার ৫৫০ হেক্টর জমিতে আলুর চাষ হয়। তাতে উৎপন্ন হয়েছে ১৩ লাখ ৫০ টন।

আলু চাষে খরচ দিন দিন বেড়েই চলেছে, বলছিলেন তাজপুরের কৃষক বাদল ঢালি। ১০ কানি জমিতে তিনি আলু চাষ করেছেন। প্রতি কানি জমিতে আলু লাগাতে খরচ হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। পাঁচ বছর আগেও এক কানি জমিতে আলু চাষ করতে খরচ হতো দেড় লাখ টাকা।

আম্বিয়া একজন নারী শ্রমিক। তাঁর মতো ২০ জন নারী শ্রমিক তাজপুর মাঠের শাহজাহানের আলুখেতের ঘাস পরিষ্কার করছিলেন। শাহজাহান বললেন, ‘শীত পড়লে এবার আলুর বাম্পার ফলন হবে। লাভ হবে কয়েক লাখ টাকা। সবকিছু নির্ভর করছে আবহাওয়ার ওপর।’