চাষিদের সুদিন, বিপাকে চারা ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার শীত মৌসুমে কম শীত পড়ায় ও কৃষকেরা শুকনা বীজতলা পদ্ধতি ব্যবহার করায় ঠাকুরগাঁওয়ে বোরো ধানের চারা ভালো হয়েছে। এ কারণে চাষিদের সুদিন ফিরে এলেও বিপাকে পড়েছেন চারা ব্যবসায়ীরা।
গত বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লি বাজারে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশে ব্যবসায়ীরা বিক্রির জন্য বোরো ধানের চারা স্তূপ করে রেখেছেন। চাহিদা না থাকায় তাঁরা অলসভাবে বসে আছেন। বিকেলে ওই বাজারের আবদুল বাতেন নামের এক চারা ব্যবসায়ী জানান, এ বছর ধানের চারার তেমন চাহিদা নেই। গত বছর ১৫০-১৬০টি চারার এক আঁটি কিনতে হয়েছে ছয়-সাত টাকায়, এবার সেটা বিক্রি হচ্ছে এক টাকার কমে। বাতেন বলেন, ‘বোরো মৌসুমে বিক্রির জন্য দুই বিঘা জমিতে শুকনা বীজতলা পদ্ধতিতে বীজতলা তৈরি করেছি। তীব্র শীত ও ঘন কুয়াশা থেকে ধানের চারা রক্ষা পেলেও ওই চারা এখন বিক্রি হচ্ছে না।’
সদর উপজেলার মাটিগাড়া গ্রামের কৃষক গোবিন্দ বর্মণ জানান, চলতি বছরে দুই একর জমিতে বোরো আবাদের প্রস্তুতি নিয়েছেন। এ জন্য ৩৫ কেজি ধান বীজতলায় ফেলেছেন। এবার বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দেওয়ায় শীত ও কুয়াশায় চারার কোনো ক্ষতি হয়নি। ফলে জমিতে রোপণ করার পরও আরও চারা রয়ে গেছে। সেগুলো বিক্রি করতে চেয়েও খদ্দের পাননি তিনি।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ৬২ হাজার ৫৭৯ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ জন্য কৃষকেরা চার হাজার ১১৬ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলায়েত হোসেন বলেন, কৃষি কর্মকর্তাদের শুষ্ক বীজতলা পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। তাঁরা মাঠপর্যায়ের কৃষকদের নিয়ে সাফল্য পেয়েছেন। চলতি মৌসুমে দুই হাজার হেক্টরের বেশি জমিতে শুষ্ক বীজতলা পদ্ধতি ব্যবহার করেছেন কৃষক। এ কারণে শীত ও কুয়াশায় কৃষকের বীজতলা এবার নষ্ট হয়নি।