চাষির আলু বন্ধক দেখিয়ে হিমাগার মালিকের ঋণ
টাকার বিনিময়ে হিমাগারে আলু রেখেছেন কৃষকেরা। আর সেই আলু তুলতে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। কারণ, এই আলু দেখিয়ে ব্যাংক থেকে পণ্য বন্ধকি ঋণ নিয়েছেন হিমাগারের মালিক। ঋণের পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
রংপুর নগরের ধর্ম দাস এলাকায় অবস্থিত রংপুর হিমাগারের ঘটনা এটি। হিমাগারের মালিক মিজানুর রহমান। তিনি বর্তমানে ঢাকায় থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কৃষকদের অভিযোগ, সাড়ে তিন শ টাকা ভাড়ার বিনিময়ে ২৪৫ জন কৃষকের প্রায় ১৪ হাজার বস্তা আলুর বীজ রয়েছে এই হিমাগারে। ইতিমধ্যে আলুর বীজ মৌসুম শুরু হয়েছে। সে জন্য গত মঙ্গলবার হিমাগার থেকে আলু তুলতে গিয়ে কৃষকেরা দেখেন, হিমাগার তালাবদ্ধ। হিমাগারের মালিক ও কর্মচারীরা সেখানে নেই। ব্যাংকের লোকজন সেখানে অবস্থান করছেন। পরের দিন বিকেলেও একই অবস্থা। এ ঘটনায় কৃষকেরা চরম ক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করেন। উদ্ভূত পরিস্থিতিতে কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলামের নেতৃত্বে সেখানে পুলিশ পাঠানো হয়।
বিষয়টি জানার পর জেলা প্রশাসক রাহাত আনোয়ার ঘটনাস্থলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে পাঠান। শেষ পর্যন্ত জেলা প্রশাসনের হস্তক্ষেপে বুধবার বিকেল থেকে সামান্য আলু দেওয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মাত্র ৮০০ বস্তা আলু দেওয়া হয়েছে তাঁদের।
জেলা প্রশাসন ও রূপালী ব্যাংক সূত্রে জানা গেছে, এই হিমাগারে গত মৌসুমে ১৪ হাজার বস্তা (৮৪ কেজি ওজনের) বীজ আলু রাখেন কৃষকেরা। তাঁদের এই আলু ছাড়াও এখানে হিমাগার মালিকেরও রয়েছে ১৪ হাজার বস্তা। কিন্তু সব আলু নিজের দাবি করে হিমাগারের মালিক গত জুনে রূপালী ব্যাংক রংপুর করপোরেট শাখা থেকে প্রায় তিন কোটি টাকা পণ্য বন্ধকি ঋণ নেন। এরই মধ্যে হিমাগারের মালিক ব্যাংকে এক কোটি টাকা ঋণ পরিশোধ করে তাঁর আলু বের করে বাজারে বিক্রি করে দিয়েছেন।
কৃষক রহিম শেখের ৫০ বস্তা আলুর বীজ রয়েছে এই হিমাগারে। তিনি বলেন, জেলা প্রশাসকের হস্তক্ষেপে তাঁরা আলু পেতে শুরু করলেও তাঁদের ভয় কাটছে না। কারণ, এখন বিক্ষোভের মুখে ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে আলু দেওয়া শুরু হলেও শেষ পর্যন্ত তাঁরা সব আলু ফেরত পাবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। আরেক কৃষক জমসের আলী বলেন, তাঁরা প্রতি বস্তা আলুর ভাড়া বাবদ ৩৫০ টাকা হিমাগারের মালিককে দিয়েছেন।
যোগাযোগ করলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কৃষকেরা নিজেদের আলু নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন। এটি হতে পারে না।
এ ঘটনায় রূপালী ব্যাংক রংপুর করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফখরুল হাসান প্রথম আলোকে বলেন, আলু দেখিয়ে তিন কোটি টাকা বন্ধকি ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে দুই কোটি টাকা পরিশোধের বিষয়ে একাধিকবার অঙ্গীকার করেও পরিশোধ করেননি হিমাগার মালিক। বন্ধকি ঋণের নিয়ম অনুযায়ী আলু বের করতে দেওয়া হয়নি। বুধবার সন্ধ্যায় হিমাগার মালিকের কাছ থেকে টাকা পরিশোধের মুচলেকা নেওয়ার পর কৃষকদের আলু দেওয়া শুরু হয়।
হিমাগারের মালিকের সঙ্গে কথা বলা সম্ভব না হলেও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফিরোজ শাহ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, আপাতত কৃষকদের আলু দেওয়া হচ্ছে। এর বেশি মন্তব্য করতে চাননি তিনি।