চাষির মুখে নবান্নের হাসি
‘গত বছর আকস্মিক বন্যায় পাঁচ একর জমির সব পাকা ধান নষ্ট হয়ে গিয়েছিল। এক ছটাক ধানও পাইনি। এ বছর জমিতে ভালো ফসল হয়েছে।’ ধানের ভালো ফলনে খুশি হয়ে কথাগুলো বললেন খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম নেত্রজয় কার্বারিপাড়ার কৃষক শান্তিময় চাকমা। এ বছর তিনি সাড়ে ছয় একর জমিতে আমন চাষ করেছেন। ৪৫০ মণের বেশি ধান উৎপাদিত হয়েছে।
কৃষি বিভাগের হিসাবমতে, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। এতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত বছর আকস্মিক বন্যার কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
সরেজমিনে উপজেলার বড় কৃষি ব্লক দীঘিনালা ও পাবলাখালী বিল ঘুরে দেখা গেছে, চাষিদের ধান কাটার মহোৎসব। যদিও বড় এই কৃষি ব্লক দুটিতে বোরো মৌসুমে সেচের অভাবে চাষ করা সম্ভব হয় না। আমন মৌসুমে ধানের ব্যাপক ফলন হয়েছে।
কৃষি বিভাগের হিসাবমতে, চলতি বছর উপজেলার ২২টি কৃষি ব্লকে সাড়ে ১১ হাজার চাষি চার হাজার ৭৪৫ হেক্টর জমিতে আমন চাষ করেছেন। এ বছর প্রতি হেক্টরে ২ দশমিক ৭১ মেট্রিক টন হিসাবে ১২ হাজার ৮৫৮ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। গত বছর ১২ হাজার ৮২০ মেট্রিক টন লক্ষ্যমাত্রার মধ্যে আকস্মিক বন্যার কারণে চাল উৎপাদিত হয়েছে ১১ হাজার ৫০৫ মেট্রিক টন।
বন্যায় মেরুং ইউনিয়নের আটটি কৃষি ব্লকে এক হাজার ৫৯৭ জন কৃষকের ৪৩৪ হেক্টের জমির ধান সম্পূর্ণ ধান নষ্ট হয়ে ২৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মেরুং বি-বাড়িয়া গ্রামের কৃষক আবু বাহার বলেন, ‘গত বছর চাষ করে লোকসান হয়েছে। এ বছর দুই একর জমিতে আমন চাষ করেছি। ১০০ মণের বেশি ধান পেয়েছি। এ বছর ধানে কোনো পোকাও আক্রমণ করেনি।’তারাবুনিয়া এলাকার মিতা চাকমা বলেন, ‘দেড় একর জমিতে চাষ করে ৭০ মণ ধান পেয়েছি। এ বছরের মতো ফসল আর কোনো বছর পাইনি।’
হাজাছড়া গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম দুলাল বলেন, ‘আমার ওয়ার্ডে প্রায় সাড়ে চার শ চাষি আমন চাষ করেছেন। সবার ফলন ভালো হয়েছে। আমি নিজে তিন একর জমিতে আমন চাষ করে দেড় শ মণ ধান পেয়েছি। গত বছর আমার এলাকার একজন চাষিও কোনো ধান পাননি। সম্পূর্ণ ধান বন্যায় নষ্ট হয়ে গিয়েছিল।’
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘এ বছর চাষের সময় খরা পড়েনি। ধানে কোনো পোকামাকড়ও আক্রমণ করেনি। সবচেয়ে ভাগ্যের ব্যাপার হলো, কোনো বন্যা হয়নি। চাষিদের অক্লান্ত পরিশ্রম আর কৃষি বিভাগের পরামর্শের কারণে আমনের বাম্পার ফলন হয়েছে। আমনে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’