চাষির হাতে নেই টাকা, মার খাচ্ছে ঈদের বাজার
দোরগোড়ায় ঈদ। চারদিকে খুশির আমেজ থাকলেও মন ভালো নেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধানচাষিদের। তাঁদের কেউ বলতে পারছেন না এবার ঈদ কাটবে কেমনে। ধানের দাম কম থাকায় ঈদের আগে মাথায় হাত পড়েছে চাষিদের।
উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ধানচাষি তোফাজ্জল হোসেন (৪৫) বলেন, ঈদে ছেলেমেয়েদের জন্য কেনাকাটায় ভরসা ছিল ধান। আশা ছিল ভালো দাম মিলবে। সন্তানদের জন্য নতুন পোশাক কেনাকাটা করবেন। কিন্তু কোথায় কী? ঈদের বাজার পরের কথা। এখন ধান বিক্রি করে ধারে নেওয়া টাকা শোধ করতে পারবেন কি না, তা নিয়েই ধন্দে পড়েছেন তাঁরা।
ব্যবসায়ীরাও আশঙ্কা করছেন, এবার ঈদ বাজার তেমন জমবে না। কেননা এ উপজেলার ঈদ বাজার চাঙা থাকা না-থাকাটা অনেকটাই নির্ভর করে কৃষিপণ্যের ওপর। এবার ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু দাম নেই। তাই কৃষকের হাতে টাকাও নেই। তার প্রভাব পড়েছে ঈদের বাজারে।
গত শুক্রবার উপজেলার বিলহামলা হাটে ধান বিক্রি করতে আসা কৃষক আনোয়ার হোসেন (৪২) বলেন, ‘এবার কৃষকের ঘরোত কোনো ঈদ নাইরে ভাই। ধানের দাম একেবারেই কম। এ দামে ধান বেচে খাবার জোগাড় করাই কঠিন। সেটি ঈদের খরচ জোটামো কেমনে?’
উপজেলার চালুঞ্জা গ্রামের কৃষক আসাদ আলী (৪০) বলেন, ‘এক বিঘায় ৭ হাজার ২০০ টাকা খরচ করে ধান চাষ করে ৮ হাজার ৬০০ টাকা পেয়েছি। বাকি শোধ করতেই সব শেষ। ঈদের কেনাকাটা করব কী করে?’
বিলহামলা হাটে শুক্রবার খোঁজ নিয়ে জানা যায়, প্রতি মণ মোটা ধান ৪৭০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর সরু ধানের বাজার প্রতি মণ ৬৫০ টাকা।
উপজেলা সদরের পোশাক বিক্রেতা রাজু আহমেদ (৩২) বলেন, ‘আগে রমজান মাস শুরু হলেই বাজারে ভিড় শুরু হতো। কিন্তু এবারে তেমনটি হচ্ছে না। বাজারে লোকজন আসছেন ঠিকই, কিন্তু যে পরিমাণ বেচাকেনা হওয়ার কথা তেমনটা হচ্ছে না।’
আরেক পোশাক বিক্রেতা জাকির হোসেন (৪৫) বলেন, ধানের দাম না পাওয়াতে কৃষকের মনে কোনো আনন্দ নেই। এ কারণে শেষ সময়ে এসেও বাজার সেভাবে জমেনি।
শিবগঞ্জ উন্নয়ন কমিটির মহাসচিব তৌহিদুর রহমান বলেন, ধান চাষ করে এবার কৃষকের কোনো লাভ হয়নি। সামনে রয়েছে আমন ফসল লাগানোর তাগাদা। এ পরিস্থিতিতে ঈদের বাজার করার কথা ভাববে কেমন করে? বাজারে যা বেচাবিক্রি হচ্ছে তার বেশির ভাগই প্রবাসীদের পাঠানো টাকায়।