চাষিরা ঝুঁকছেন অন্য ফসলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বায়া গ্রামের কৃষক ও স্থানীয় একটি স্কুলের শিক্ষক মজিবর রহমান এবার আড়াই বিঘা জমিতে মূলকাটা পদ্ধতিতে পেঁয়াজের আবাদ করেছেন। সপ্তাহ দুয়েক আগে তাঁর পেঁয়াজ তোলার সময় হলেও রাগে-দুঃখে তিনি তা তোলেননি। তাই জমির পেঁয়াজের ওপরের অংশ শুকিয়ে ছন হয়ে গেছে।মজিবর রহমান বলেন, ‘সারা দিনে একজন কামলা গড়ে এক মণ পেঁয়াজ জমি থেকে তুলে বাজারে নেওয়ার উপযোগী করতে পারে। একজন কামলার সারা দিনের মজুরি ২৫০ টাকা। অথচ বাজারে এক মণ পেঁয়াজের দাম ২০০ টাকা। এমনিতেই তো পেঁয়াজ চাষের সব টাকা হারিয়েছি, এর ওপর যদি জমি থেকে পেঁয়াজ তোলার খরচই না ওঠে, তাহলে তা তুলতে যাব কেন?’করমজা গ্রামের বাবলু মিয়ার হিসাবটা আবার অন্য রকম। ২৫ জানুয়ারি তিনি ছেলেকে সঙ্গে নিয়ে জমির পেঁয়াজ তুলছিলেন। তিনি বলেন, ‘পিঁয়াজ চাষ করবার যায়া ক্ষতি যা হওয়ার তা তো হয়াই গেছে। এখন জমি তো এইভাবে ফালায়া রাখা যাবি না। মরিচের আবাদ করার সময় পার হয়া যাইতাছে। এ জন্য আগাছা মনে কইরা জমির পিঁয়াজ সাফ করতাছি।’দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার সাঁথিয়া উপজেলার সব পেঁয়াজচাষির অবস্থা এখন মজিবর রহমান ও বাবলু মিয়ার মতো। কেউ কেউ রাগে-দুঃখে জমি থেকে পেঁয়াজ তুলছেন না। আবার কেউ কেউ চরম লোকসান সহ্য করেও তা তুলছেন অন্য ফসল আবাদের জন্য। তবে সরেজমিনে কৃষকদের একটি ব্যাপারে মিল খুঁজে পাওয়া গেছে, আর তা হলো, যে পেঁয়াজ কৃষকদের ভাগ্য বদলে দিয়েছিল, কৃষকেরা এবার সেটা চাষ করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অনেক কৃষক গত বছরগুলোর তুলনায় এবার এর আবাদ কমিয়ে দেবেন বলে জানান। এর বদলে অনেক কৃষক গমের আবাদ করেছেন। বাকিরা মরিচ, সবজি, ধানসহ অন্য ফসল চাষে ঝুঁকছেন।সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা যায়, সাঁথিয়ায় মূলকাটা ও হালি (সাধারণ) পদ্ধতিতে প্রায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়। মাস খানেক ধরে হাটে মূলকাটা পদ্ধতিতে আবাদ করা নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে।পুণ্ডুরিয়া বাওইটোলা গ্রামের কৃষক উজ্জ্বল হোসেন ও আমির হোসেন জানান, তাঁরা আগের বছরগুলোয় যথাক্রমে চার বিঘায় ও সাড়ে তিন বিঘায় পেঁয়াজের আবাদ করেছেন। লোকসান হওয়ায় এবার উজ্জ্বল দুই বিঘা ও আমির দেড় বিঘায় হালি পদ্ধতিতে পেঁয়াজ লাগাবেন। বাকি জমিতে তাঁরা ধান ও সবজি আবাদ করবেন।চরভদ্রকোলা গ্রামের কৃষক হেলালউদ্দিন বলেন, ‘সব ফসলেই কৃষক মাইর খাইছে। কিন্তু পিঁয়াজে কৃষক এবার যে মাইরটা খাইল, তাতে তারা এক্কেরে শেষ। আমি আট বিঘা জমিতে এর আবাদ করতাম। কিন্তু এবার আবাদ করব চার বিঘায়। আমার মতো এ এলাকার বেবাক কৃষক এবার পিঁয়াজের আবাদ কুমায়া দিছে।’সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ‘দাম কম পাওয়াতে অনেক কৃষক পেঁয়াজের আবাদ কিছুটা কমিয়ে অন্য ফসলে ঝুঁকছে বলে খবর পাচ্ছি। তবে কমে যাওয়ার পরিমাণ ৫০০ হেক্টরের বেশি হবে না’গত দুই দিনে বেড়ার করমজা, বনগ্রাম ও কাশীনাথপুর হাট ঘুরে পেঁয়াজের দামে চরম বিপর্যয় দেখা গেছে। প্রতি মণ ১২০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। করমজা হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা আফরা গ্রামের ইয়াছিন আলী (৬৫) বলেন, ‘আমার কৃষকজীবনে এরম (এমন) অবস্থা কহনো দেহি নাই।’