চাষিরা বঞ্চিত, ফায়দা নিচ্ছেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাষিদের কাছ থেকে সরাসরি কেনার কথা থাকলেও মেহেরপুরে আওয়ামী লীগের নেতারা খাদ্যগুদামে গম বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এ কাজে খাদ্য বিভাগের কতিপয় কর্মকর্তা সহায়তা করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে চাষিদের বদলে লাভবান হচ্ছেন নেতারা। অথচ চাষিদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার গম কেনার উদ্যোগ নিয়েছে।চাষিরা অভিযোগ করেন, গম নিয়ে তাঁদের খাদ্যগুদামে যেতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন খাদ্যগুদামের সামনে অবস্থান নিয়েছেন এবং লোকজনকে দিয়ে গম বিক্রি করছেন। কিন্তু গুদামের কর্মকর্তারা নিবন্ধন খাতায় বিক্রেতা হিসেবে চাষিদের নামই উল্লেখ করছে।জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল থেকে জেলায় সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু হয়। বাজারে প্রতি কেজি গম ১৮-২০ টাকায় বিক্রি হলেও সরকার প্রতি কেজি গমের দাম নির্ধারণ করেছে ২৪ টাকা। ‘আগে আসলে, আগে পাবেন’ নিয়মের ভিত্তিতে চাষিরা তাঁদের গম উপজেলা পর্যায়ের খাদ্যগুদামে গিয়ে বিক্রি করতে পারবেন। একজন কৃষক ৫০ কেজি থেকে তিন টন পর্যন্ত গম বিক্রি করতে পারবেন। মেহেরপুর সদর থেকে এক হাজার ৫৫৬, গাংনী উপজেলায় দুই হাজার ৪২ ও মুজিবনগর উপজেলা থেকে ৩৯৬ টন গম কেনা হবে। ৩০ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।১৩ মে মেহেরপুরের গাংনী শহরের হাসপাতাল মোড়ের খাদ্যগুদামের ভেতরে ও বাইরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দেখা গেছে। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার নেতৃত্বে একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে ১৮-২০ টাকা কেজি দরে গম কিনে তা গুদামে সরবরাহ করছে। কিন্তু এই গম নিবন্ধন খাতায় বিভিন্ন কৃষকের নামে দেখানো হচ্ছে।নিবন্ধন খাতায় উল্লেখ করা তথ্যানুযায়ী, গাংনী রাইপুর গ্রামের আকমল হোসেন এক টন, সাহারবাটি গ্রামের আজমাইল মোল্লা তিন টন, থানাপাড়ার সেকেন্দার আলী দেড় টন, ষোলটাকা গ্রামের নজরুল ইসলাম দুই টন ও ভোলাডাঙ্গা গ্রামের মাতলুব হোসেন তিন টন গম বিক্রি করেছেন। অথচ গ্রামগুলোতে গিয়ে এ নামের কৃষকদের খুঁজে পাওয়া যায়নি।উপজেলা খাদ্য কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, গাংনীতে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মুজিবুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য বারিউল হকসহ কয়েকজনকে নিয়ে একটি চক্র গড়ে উঠেছে। এদের মদদ দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের অপর সদস্য গাংনী পৌরসভার মেয়র আহম্মদ আলী।তবে আহম্মদ আলী বলেন, ‘খাদ্যগুদামে কারা গম দেয় তা জানি না। আর গম কেনাবেচা চক্রের সঙ্গে আমি জড়িত নই।’ বারিউল হক বলেন, ‘আমরা সব ব্যবসায়ীর কাছ থেকে গম কিনছি না। কিছু গম চাষিদের কাছ থেকেও কেনা হচ্ছে। চাষিদের গুদামে আসতে আমরা বাধা দিচ্ছি না।’ গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মুজিবুল হক বলেন, ‘গুদামে কিছু গম কৃষক দিচ্ছেন। কিছু আমরা দিচ্ছি।’সদর উপজেলার আমঝুপি খাদ্যগুদামে সদর ও মুজিবনগর উপজেলার গম সংগ্রহ করা হচ্ছে। ১৪ মে সেখানে গিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য বোরহান উদ্দিন খানের নেতৃত্বে ১০-১২ জনকে গম সংগ্রহ কার্যক্রম নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম অভিযোগ করেন, দলীয় ক্যাডারদের ব্যবহার করে বোরহান উদ্দিন গুদামে গম দিচ্ছেন। এখানে চাষিদের কাছ থেকে কোনো গম কেনা হয় না। বোরহান উদ্দিন দাবি করেন, তিনি গম সংগ্রহ অভিযানকে সফল করতে খাদ্যগুদামে যান। সেখানে দলীয় কৃষকেরা ঠিকমতো গম দিচ্ছেন কি না, তা তিনি তদারক করেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী জানান, তিনি আমঝুপি খাদ্যগুদামে গিয়ে একজন দলীয় নেতার স্লিপ ছাড়া গম না নিতে দেখেছেন। তিনি এ ব্যাপারে ওই গুদামের ওসি-এসডি ও সদর উপজেলা কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।সদর উপজেলা খাদ্য কর্মকর্তা লিয়াকত আলী জানান, রাজনৈতিক কারণে তাঁদের কাজ করতে সমস্যা হচ্ছে। তবুও তাঁরা চাষিদের কাছ থেকে গম কেনার চেষ্টা করছেন। জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রফিজ উদ্দিন জানান, এ ব্যাপারে তদন্ত করে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।