চাষী নজরুলের চিকিৎসার দায়িত্ব নিলেন খালেদা জিয়া
লিভার ক্যানসারে আক্রান্ত মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার সঙ্গে গতকাল রাতে চাষী নজরুলের স্ত্রী জ্যোৎস্না কাজী দেখা করেন। এ সময় খালেদা জিয়া চাষী নজরুলের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসার দায়িত্ব নেন। চিকিৎসার খোঁজখবর রাখতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দায়িত্ব দেন।
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ৭ ডিসেম্বর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁর লিভারে ক্যানসারের অস্তিত্ব শনাক্ত করেন। গত বুধবার তাঁকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে।