চাষের অনুমোদন পেল বিটি বেগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনগতভাবে রূপান্তরিত বা বিটি বেগুন চাষের অনুমোদন দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বেগুন চাষের চূড়ান্ত অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার জীবনিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির সভায় জিনগতভাবে রূপান্তরিত এ বেগুন চাষের অনুমোদনের বিষয়টি আলোচনা হয়।
২০০৬ সাল থেকে শুরু হওয়া গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর ২১ অক্টোবর জীবনিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির অনুমোদনের জন্য বেগুনের এ জাতটি উত্থাপন করা হয়। বেগুনটির উদ্ভাবক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পক্ষ থেকে দাবি করা হয়, এ জাত বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধে সক্ষম।
যুক্তরাষ্ট্রের বীজ কোম্পানি সিনজেন্টা ও ভারতের মহারাষ্ট্রভিত্তিক বীজ কোম্পানি মাহিকোর কারিগরি সহায়তায় এবং যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় বেগুনের এ জাতটি উদ্ভাবন করা হয়েছে।
তবে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিটি বেগুনকে জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে এর অনুমোদন না দেওয়ার দাবি জানানো হচ্ছিল। বেসরকারি সংস্থা নয়া কৃষি আন্দোলনের পক্ষে ফরিদা আখতার ও শিশুকের পক্ষে সৈকত মিল্লাত মোর্শেদ বিটি বেগুন নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে আবেদন করেন। গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট ওই আবেদন খারিজ করেন।