চাষের জমি ও রাস্তা দখল করে থানার সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাষের জমি ও চলাচলের রাস্তা দখল করে জুরাছড়ি থানার সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে ওই এলাকার প্রায় ১০০ একর জমিতে চাষাবাদ এবং চাষিদের চলাচল ব্যাহত হবে বলে অভিযোগ করেছেন স্থানীয় চাষি ও জনপ্রতিনিধিরা।
বিষয়টি নিয়ে ৫ নভেম্বর উপজেলা আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
সীমানাপ্রাচীর নির্মাণ গণপূর্ত বিভাগের এখতিয়ারভুক্ত বলে থানা কর্তৃপক্ষ জানালেও গণপূর্ত বিভাগ বলছে, থানা কর্তৃপক্ষের নির্ধারিত সীমানা বরাবরই প্রাচীর নির্মাণ হচ্ছে।
স্থানীয় চাষি ও থানা কর্তৃপক্ষ জানান, থানার কার্যালয় ভবন ও সীমানাপ্রাচীর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। থানা এলাকার নির্ধারিত সীমানা থাকলেও গণপূর্ত বিভাগ তা না মেনে দক্ষিণ পাশের চলাচলের রাস্তাসহ চাষের জমির ওপর সীমানাপ্রাচীর নির্মাণ করছে।
জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবর্তক চাকমা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় চাষের জমি ও চলাচলের রাস্তা দখল করে থানার সীমানাপ্রাচীর নির্মাণের বিষয়টি আলোচনা হয়েছে। আমরা উপজেলার সব
জনপ্রতিনিধি বিষয়টি সুদৃষ্টিতে দেখতে স্বরাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছি।’ তিনি জানান, কাপ্তাই বাঁধের পানি বাড়লে নির্মাণাধীন সীমানাপ্রাচীরের জায়গাটি ডুবে যায়। আর পানি কমলে জায়গাটি চাষাবাদ ও চলাচলের রাস্তা হিসেবে ব্যবহূত হয়। এলাকার চাষি রত্ন বিহারী চাকমা বলেন, ‘থানা এলাকার নিচে আমাদের কয়েকজনের জমি। এর পরই অন্য চাষিদের জমি। চাষিরা পাশের রাস্তা দিয়ে হালের গরু, পাওয়ার টিলারসহ চাষাবাদের সরঞ্জাম আনা-নেওয়া করেন। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা পাশের কাঁচা সড়ক দিয়ে আসা-যাওয়া করেন চাষাবাদ করার জন্য। সীমানাপ্রাচীরটি নির্মাণ করা হলে অন্য চাষিদের হয় চলাচল বন্ধ হবে, নয়তো আমাদের জমির ওপর দিয়ে চলাচল করতে হবে।’ জানতে চাইলে জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউসুফ সিদ্দিকী বলেন, ‘আসলে আমাদেরও জানানো হয়নি কোন এলাকা নিয়ে সীমানাপ্রাচীর হবে। ঠিকাদার গণপূর্ত বিভাগের নির্দেশ অনুযায়ী কাজ করছেন।’ অন্যদিকে, গণপূর্ত বিভাগের রাঙামাটি নির্বাহী প্রকৌশলী ওম প্রকাশ নন্দী বলেন, কারও জমির ওপর প্রাচীর নির্মাণের কথা নয়। থানা কর্তৃপক্ষের নির্ধারিত জায়গাতেই প্রাচীর দেওয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় আলোচনা হয়েছে। স্থানটি পরিদর্শন করে জেলা প্রশাসককে জানানো হবে।