চাহিদা অনুযায়ী গমবীজ পাচ্ছেন না কৃষক
গত মৌসুমে বোরো ও আমন ধানের দাম না পেয়ে পঞ্চগড়ের কৃষকেরা এবার গম চাষের দিকে ঝুঁকে পড়েছেন। কিন্তু চাহিদা অনুযায়ী তাঁরা কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ বিক্রয়কেন্দ্র ও ডিলারদের কাছ থেকে সরকারি গমবীজ কিনতে পারছেন না।এদিকে চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে ডিলাররা বেশি দামে বীজ বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এখন বেশি দাম দিয়েও কৃষকেরা ডিলারদের কাছ থেকে বীজ কিনতে পারছেন না। আবার বিএডিসির বীজ বিক্রয়কেন্দ্রেও চাহিদা অনুযায়ী বীজের সরবরাহ নেই।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসির বীজ বিক্রয়কেন্দ্র সূত্রে জানা গেছে, জেলায় এবার তিন জাতের ৮২৩ মেট্রিক টন গমবীজ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৪ দশমিক ৬ মেট্রিক টন বীজ বিএডিসির বিক্রয়কেন্দ্রের জন্য রাখা হয়েছে এবং বাকি বীজ জেলার ৭০ জন ডিলারকে দেওয়া হয়েছে। ডিলারদের কাছে প্রয়োজনীয় বীজ না পেয়ে কৃষকেরা জেলার বিএডিসির বীজ বিক্রয়কেন্দ্রে ভিড় করছেন। ৬ ডিসেম্বর দুপুরে সরেজমিনে দেখা গেছে, ওই বীজ বিক্রয়কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন কৃষকেরা। একপর্যায়ে বীজ শেষ হয়ে যাওয়ায় খালি হাতে ফিরে যেতে হয় অনেক কৃষককে। সদর উপজেলার উত্তর প্রধানপাড়া গ্রামের কৃষক মো. দুলাল হোসেন বলেন, ‘বোরো আর আমন ধানে মার খেয়ে এবার দুই বিঘা জমিতে গম চাষ করতে চেয়েছিলাম। কোথাও বীজ না পেয়ে খুব ভোরে না খেয়ে এসে লাইনে দাঁড়াই। দুই বিঘার জন্য আমার কমপক্ষে ৫০ কেজি বীজ লাগবে। কিন্তু কাউকেই ২০ কেজির বেশি বীজ দেওয়া হয়নি।’ গফাপাড়া গ্রামের মুছা হক বলেন, তিন বিঘা জমির জন্য তাঁর ৭৫ কেজি বীজ প্রয়োজন, কিন্তু পেয়েছেন মাত্র ২০ কেজি। ডিলারদের কাছে কোনো বীজ নেই।কৃষকেরা অভিযোগ করেন, ডিলাররা ৭২০ টাকার স্থলে সাড়ে ৮০০ থেকে ৯০০ টাকায় গমবীজ বিক্রি করেছেন। এখন ৯০০ টাকা দিলেও ডিলারদের কাছে গমবীজ পাওয়া যাচ্ছে না।বিএডিসির পঞ্চগড় বীজ বিক্রয়কেন্দ্রের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবু তালেব বলেন, এবার জেলায় ৮২৩ মেট্রিক টন গমবীজ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিজয় জাতের তিন মেট্রিক টন, শতাব্দী ৩০ মেট্রিক টন ও প্রদীপ ১১ দশমিক ৬ মেট্রিক টন গমবীজ আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই কেন্দ্রের মাধ্যমে বিক্রির জন্য দেওয়া হয়েছে। বাকি গমবীজ বরাদ্দ অনুযায়ী জেলার ৭০ জন ডিলারকে দেওয়া হয়েছে। এবার গমবীজের প্রচুর চাহিদা। চাহিদা অনুযায়ী গমবীজ সরবরাহ করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে বিক্রয়কেন্দ্রে আসা কৃষকদের প্রত্যেককে ২০ কেজির এক বস্তা করে বীজ দেওয়া হচ্ছে।পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘বোরো ও আমন ধানের দাম না পেয়ে কৃষকেরা হঠাৎ করেই গম চাষের দিকে ঝুঁকে পড়েছেন। অতিরিক্ত ৩০০ মেট্রিক টন গমবীজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়েছি।’ তিনি বলেন, এখন মৌসুমের প্রায় শেষের দিক। ১০ ডিসেম্বরের পর আর গম লাগানো ঠিক হবে না। কোনো ডিলার বেশি দামে বীজ বিক্রি করেছেন—এমন অভিযোগ লিখিত আকারে পেলে ব্যবস্থা নেওয়া হবে।