চাহিদা অনুযায়ী মিলছে না তেল, পড়ে থাকছে ডাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারি বেঁধে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কিনছেন ক্রেতারা। ছবিটি গতকাল খুলনা নগরের ময়লাপোতা মোড় থেকে তোলা l প্রথম আলো
সারি বেঁধে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কিনছেন ক্রেতারা। ছবিটি গতকাল খুলনা নগরের ময়লাপোতা মোড় থেকে তোলা l প্রথম আলো

খুলনায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৩৫ ডিলারের মধ্যে ৫০ জন অনুমোদনপত্র (লাইসেন্স) নবায়ন করেননি। বাকি ৮৫ জন ডিলারের মধ্যে পণ্য তুলেছেন মাত্র ৩৫ জন। টিসিবি গত ১৫ মে থেকে খুলনায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে।

খুলনা বিভাগের ১০ জেলাসহ গোপালগঞ্জ, পিরোজপুর, ফরিদপুর ও রাজবাড়ী জেলা নিয়ে গঠিত টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, এই ১৪ জেলায় ৪৮২ জন ডিলার রয়েছেন। তাঁদের মধ্যে লাইসেন্স নবায়ন করেছেন ৩৬০ জন। বৈধ এসব ডিলারের প্রায় অর্ধেকে অর্থাৎ ১৭০ জন পণ্য তোলেননি।

টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের প্রধান রবিউল মোর্শেদ জানান, খুলনা নগরে ১১০ জন ডিলারের মধ্যে লাইসেন্স নবায়ন করেছেন ৬৮ জন। আর জেলায় ২৫ জনের মধ্যে নবায়নকারীর সংখ্যা ১৭। তাঁদের মধ্যে নগরে ২৬ জন এবং জেলায় ৯ জন পণ্য তুলেছেন। অর্থাৎ প্রায় ৬০ শতাংশ ডিলার পণ্য তোলেননি।

এদিকে খুলনা নগরের ১৫টি স্থানে ৫টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। কম দামে পণ্য পেতে ক্রেতারা বেশ ভিড় করছেন। তবে চাহিদার তুলনায় তেল সরবরাহ কম বলে অভিযোগ করেছেন ক্রেতা ও ডিলাররা। গতকাল বৃহস্পতিবার ট্রাক ছিল ৪টি। প্রতিটি ট্রাকে প্রতিদিন বিক্রির জন্য ১ জন ডিলারকে ৪০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল, ২০০ লিটার সয়াবিন তেল ও ৫০০ কেজি ছোলা বরাদ্দ দেওয়া হচ্ছে।

ডিলাররা প্রথমে প্রতিদিন ৩০০ কেজি করে চিনি, ছোলা ও ডাল এবং ৩০০ লিটার তেল পেয়েছিলেন। পরে প্রতিদিন চিনি ১০০ কেজি ও ছোলা ২০০ কেজি করে বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ১০০ লিটার তেল।

প্রতি কেজি চিনি ৫৫, মসুর ডাল ৮০, ছোলা ৭০ ও সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা দরে বিক্রির কথা। একেকজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫ কেজি ছোলা ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ময়লাপোতা মোড়ে দেখা যায়, ভ্রাম্যমাণ ট্রাকের পেছনে অনেক মানুষ সারি বেঁধে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে ১ জন শহরের বকশিপাড়ার রিকশাচালক মোহাম্মদ জামিউর। তিনি ১ কেজি ছোলা ও ২ কেজি চিনি কিনেছেন। সয়াবিন তেল কিনতে চেয়েছিলেন কিন্তু পাননি। জামিউর বলেন, সয়াবিন তেল আগেই নাকি বিক্রি হয়ে গেছে। ট্রাকে পণ্য আরও বেশি রাখা দরকার। তাহলে ক্রেতাদের খালি হাতে ফিরে যেতে হবে না।

চাহিদামতো পণ্য না পেয়ে টুটপাড়ার হাসিবুল ইসলাম আক্ষেপ করে বলেন, টিসিবির তেল কিনতে পারলে তাঁর কিছু টাকা সাশ্রয় হতো। কিন্তু তেলের সরবরাহ কম থাকায় সেটি সম্ভব হচ্ছে না।

ডিলার খন্দকার জান্নাতুল ফেরদৌস পিকুল প্রথম আলোকে বলেন, টিসিবির ডালের চেয়ে বাজারের ডালের দাম প্রায় ১০ টাকা কম। ক্রেতারা ডাল নিচ্ছেন না। আমার কাছে ২০ মণের বেশি ডাল অবিক্রীত রয়ে গেছে। অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। এদিকে তেল কমিয়ে দেওয়ায় ক্রেতারা অখুশি।

ডিলার মো. সেলিম বলেন, ‘ডালের চাহিদা কম। কারণ বাজারের ডালের দাম টিসিবির চেয়ে কম। প্রতিদিন প্রচুর ডাল থেকে যাচ্ছে। আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। ডাল কমিয়ে তেল একটু বাড়িয়ে দিলে ক্রেতারা উপকৃত হতেন।’

বরাদ্দ না তোলা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবির একজন ডিলার বলেন, ‘নিয়মিত বরাদ্দ দেয় না টিসিবি। তারপর পণ্য দেয় চাহিদার তুলনায় কম। দোকান ভাড়ার টাকা তোলাই দায়। আর এ বছর যে ডাল দিচ্ছে তার চেয়ে বাজারের ডালের দাম অনেক কম। অন্য তিন পণ্যে যা লাভ হবে, ডালে সেই পরিমাণ লোকসান হবে। সব হিসাব করে পণ্য তুলিনি।’

এসব বিষয়ে টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের প্রধান রবিউল মোর্শেদ প্রথম আলোকে বলেন, তদারকি জোরদার হওয়ায় যেসব ডিলারের কালোবাজারি করার ইচ্ছে ছিল তাঁরা পণ্য তোলেননি। পরপর দুবার পণ্য না তুললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তেলের সরবরাহ বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বছর আমাদের প্রচুর পণ্য মজুত আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’