জন্মনিয়ন্ত্রণের বিনা মূল্যের ইনজেকশন ‘ডিপো-প্রোভেরা’
চাহিদা ও সরবরাহ সামঞ্জস্যহীন, মাঠপর্যায়ে ব্যাপক চুরি
মাঠপর্যায়ে জন্মনিয়ন্ত্রণের সামগ্রী ‘ডিপো-প্রোভেরা’ ইনজেকশনের চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য নেই। অধিকাংশ ক্ষেত্রেই প্রয়োজনের অতিরিক্ত সরবরাহ করা হয়। একটি সংঘবদ্ধ চক্র ডিপো-প্রোভেরা চুরি করছে।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিজস্ব একাধিক তদন্ত প্রতিবেদনে এ তথ্য আছে। প্রতিবেদনে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, অধিদপ্তর সব সুপারিশ তো মানেইনি, উল্টো বিশেষ তদন্ত একপর্যায়ে স্থবির হয়ে পড়ে। তদন্তের সূচনাকারী মহাপরিচালক মো. আবদুল কাইয়ুম বদলি হয়ে গেলে এ অবস্থা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।নারীদের অস্থায়ী জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ডিপো-প্রোভেরা ইনজেকশন দেওয়া হয়। এ ইনজেকশন তিন মাস পর পর অর্থাৎ বছরে চারবার নিতে হয়। দাতাদের অর্থে ডিপো-প্রোভেরা কিনে নারীদের বিনা মূল্যে দেওয়া হয়। সরকার প্রতিটি ইনজেকশন ৫০ টাকা ৯২ পয়সায় কেনে।গত বছরের ৩০ মার্চ রংপুরের আঞ্চলিক পণ্যাগার এবং কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ও উলিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অনিয়ম নিয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা মো. রবিউল হক। প্রতিবেদনে বলা হয়েছে, মাঠপর্যায়ে অধিকাংশ ক্ষেত্রে অতিরিক্ত ডিপো-প্রোভেরা সরবরাহ করা হয়েছে। রংপুর আঞ্চলিক পণ্যাগার থেকে উপজেলা এবং উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ডিপো-প্রোভেরা আত্মসাতের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত।তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার সাতটি ইউনিয়নে এক হাজার ৬০০টি ডিপো-প্রোভেরা চুরি হয়েছে। উলিপুর উপজেলার তিনটি ইউনিয়নে চুরি হয়েছে এক হাজার। এতে বলা হয়েছে, রংপুর পণ্যাগার থেকে যে পরিমাণ ইনজেকশন গ্রহণ করা হয়, মাঠপর্যায়ে তা বিতরণ করা হয় না।অন্য তদন্ত কর্মকর্তা হরিপ্রসাদ পাল গত বছরের ১৫ মে রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চুরি নিয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে দেখা গেছে, ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে একটি চক্র ৭৬ হাজার ১৩ ভায়াল ডিপো-প্রোভেরা গুদামঘর থেকে হাতিয়ে নেয়। খোয়া যাওয়া ডিপো-প্রোভেরার সরকারি দাম ৩৮ লাখ ৪০ হাজার টাকার কিছু বেশি। এতে বলা হয়, রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও গুদামরক্ষক ওই ডিপো-প্রোভেরা আত্মসাৎ করেছেন।২০০৯ সালে জামালপুরে ডিপো-প্রোভেরা চুরির ঘটনা প্রথম ধরা পড়ে। অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক মো. আবদুল কাইয়ুম ১৭টি আঞ্চলিক পণ্যাগার ও জেলা পর্যায়ের কার্যালয়সহ ৭৯টি তদন্ত পরিচালনার জন্য পাঁচটি বিশেষ দল গঠন করেন। নিয়মিত নিরীক্ষায় এসব চুরি ধরা পড়ছিল না বলেই বিশেষ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বিশেষ তদন্ত দল পাবনা, জামালপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় তদন্ত চালায়। সব জেলাতেই অনিয়ম ধরা পড়েছে।এ ব্যাপারে জানতে চাইলে অধিদপ্তরের লাইন ডিরেক্টর এ কে এম মাহবুবুর রহমান জানান, জামালপুরের চুরির ঘটনায় একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্টোরকিপারকে বরখাস্ত করা হয়েছে। পাবনার ঈশ্বরদীর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা করা হয়েছে। এ ছাড়া রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।লাইন ডিরেক্টর বলেন, জনবল-সংকট ও সরকারি আইনি সহায়তা ঠিকমতো না পাওয়ায় সবার বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানে তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন এমন একজন কর্মকর্তা বলেছেন, যেখানে তদন্তে গিয়েছেন, সেখানেই অনিয়ম পেয়েছেন। সব কটি জেলায় তদন্ত হলে ভয়াবহ চিত্র পাওয়া যেত বলে তিনি মন্তব্য করেন।এ ব্যাপারে অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজ উদ্দিন জানান, ওই বিশেষ তদন্ত বন্ধ আছে, এমন বিষয় তাঁর জানা নেই। তিনি বলেন, ‘বরং মনিটরিং রিপোর্ট তৈরি করে নিয়মিত পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে।’