চাহিদা থাকলেও ছোট ফ্ল্যাট কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলায় গতকাল ছুটির দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া িভড়
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলায় গতকাল ছুটির দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া িভড়

বেশির ভাগ প্রতিষ্ঠানের ফ্ল্যাটের আয়তন এক হাজার থেকে আড়াই হাজার বর্গফুট। আছে ছয় হাজার বর্গফুটের ফ্ল্যাটও। তবে সর্বনিম্ন দর হিসাব করলেও এক হাজার বর্গফুটের একটি ফ্ল্যাটের দাম দাঁড়াবে ৪৫ লাখ টাকা। এর সঙ্গে যোগ হবে নিবন্ধনসহ আনুষঙ্গিক খরচ। সব মিলিয়ে যা মধ্য আয়ের মানুষের নাগালের বাইরে।
ফ্ল্যাটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এখন সাধ্যের মধ্যে ছোট ফ্ল্যাট খুঁজছেন অনেকেই। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে রিহ্যাব আয়োজিত শীতকালীন আবাসন মেলায় গিয়ে এমন কয়েকজন ক্রেতার খোঁজ মিলল গতকাল শুক্রবার বিকেলে। তাঁদেরই একজন মোহাম্মদ মোস্তফা বললেন, ‘২০ থেকে ২৫ লাখ টাকার বেশি দামের ফ্ল্যাট কেনা আমার পক্ষে সম্ভব নয়। কারণ, যে টাকা বেতন পাই, তা দিয়ে এর বেশি দামে ফ্ল্যাট কিনলে কিস্তি পরিশোধ করতে পারব না।’ আক্ষেপ করে তিনি বললেন, ‘এখন পর্যন্ত ২৫-৩০টি স্টল ঘুরেছি। সব ফ্ল্যাটের দামই আকাশছোঁয়া।’
মোস্তফা চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তাঁর কথার সূত্র ধরে মেলার বিভিন্ন স্টলে খোঁজ নেন এই প্রতিবেদক। ছোট ফ্ল্যাট না থাকার বিষয়টির সত্যতাও পাওয়া গেল। কিছু ব্যতিক্রমও অবশ্য আছে। যেমন, আবাসন প্রতিষ্ঠান কনকর্ড অন্যান্য প্রকল্পের পাশাপাশি ৫৫০ বর্গফুট আয়তনের ‘স্টুডিও অ্যাপার্টমেন্ট’ মেলায় প্রদর্শন করেছে। খিলক্ষেত এলাকার লেক সিটি কনকর্ড নামের প্রকল্পে এ ধরনের ১৫০টি ফ্ল্যাট আছে বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা তারেকুল আলম। এক শয়নকক্ষ, ড্রয়িং, রান্নাঘর ও বাথরুমের এই ফ্ল্যাটগুলোর প্রতি বর্গফুটের দাম সাড়ে চার হাজার টাকা। তার মানে একটি ফ্ল্যাটের দাম দাঁড়াবে ২৪ লাখ ৭৫ হাজার টাকা।
কনকর্ড এবারের মেলায় ৩৪ প্রকল্পের ৪০০ ফ্ল্যাট তারা প্রদর্শন করছে। বারিধারায় প্রতি বর্গফুট ৩৩-৩৫ হাজার, গুলশানে ২৫-২৮, বনানীতে ১৪-১৮, ধানমন্ডিতে ১২-২০, উত্তরায় ১০-১২, মিরপুরে সাড়ে ৬ হাজার, টিকাটুলিতে সাড়ে ৫ হাজার টাকায় প্রতিষ্ঠানটির ফ্ল্যাট কিনতে পাওয়া যাবে। আর এসব ফ্ল্যাটের আয়তন ১ হাজার ১০৭ থেকে ৪ হাজার ৩০০ বর্গফুট।
খোঁজ করতে গিয়ে গৃহ নির্মাণ বিল্ডার্সের স্টলে ছোট ফ্ল্যাট পাওয়া গেল। মিরপুরে তাদের দুটি প্রকল্পে ৬৫০ ও ৭৭৬-৯৬৮ বর্গফুটের ফ্ল্যাট আছে। এসব ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। সেই হিসাবে ৬৫০ বর্গফুটের (সাড়ে তিন হাজার) একটি ফ্ল্যাটের দাম দাঁড়াবে সাড়ে ২০ লাখ টাকা। দুটি শয়নকক্ষ ও বাথরুম, একটি রান্নাঘর, বারান্দা ও ড্রয়িং রুম আছে এই ফ্ল্যাটে। তবে লিফট নেই।
জানতে চাইলে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে ছোট ফ্ল্যাট বিক্রি হতো না। তবে এখন ভালো চাহিদা আছে। সরবরাহ কম থাকলেও অনেক প্রতিষ্ঠানই এ ধরনের ফ্ল্যাট তৈরির প্রকল্প নিচ্ছে।’ ছোট ফ্ল্যাট তৈরি হলেও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে না পারলে মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে তা আসবে না বলে মন্তব্য করেন তিনি।
শৈত্যপ্রবাহের কারণে আগের দুই দিনের চেয়ে গতকাল মেলায় ভিড় একটু কম ছিল। তবে বিকেলের পর বাড়তে থাকে। অবশ্য সব মিলিয়ে প্রথম তিন দিনে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করলেন কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তাঁদের বক্তব্য, গত কয়েকটি মেলার চেয়ে এবার বেশি সাড়া পাওয়া যাচ্ছে। আবার কমবেশি ফ্ল্যাটের বুকিংও পাচ্ছে প্রতিষ্ঠানগুলো। কনকর্ড ১০টি, নাভানা ছয়টি, ব্রিক ওয়াকর্স ডেভেলপমেন্ট দুটি ফ্ল্যাটের বুকিং পেয়েছে বলে জানা গেছে।
রাজউকের অভিযান: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল সকালে ও সন্ধ্যায় দুই দফা মেলায় অভিযান চালায়। মেলায় অংশ নেওয়া কোম্পানিগুলো রাজউকের অনুমোদনহীন প্রকল্পের প্রচারপত্র বিতরণ বা প্লট-ফ্ল্যাট বিক্রি করছে কি না, তা পরীক্ষা করতে এ অভিযান।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম মারুফ হাসান বলেন, কিছু কিছু কোম্পানি মেলা শুরুর প্রথম দুই দিন রাজউকের প্রতিনিধিদলকে মূল নকশার অনুমোদনপত্র দেখাতে ব্যর্থ হয়। তবে গতকাল তারা রাজউক অনুমোদিত নকশা দেখায়।
কাল রোববার রিহ্যাবের আবাসন মেলা শেষ হবে। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। একবার প্রবেশের জন্য ৫০ টাকার টিিকট কাটতে হবে দর্শনার্থীদের। এবারের মেলায় আছে ১৫০টি স্টল।