চাহিদা থাকলেও দরপত্র বিক্রি না করার অভিযোগ
পছন্দের লোককে কম দামে ইজারা দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ রাজশাহীর সর্ববৃহৎ তাহেরপুর হাটের ইজারার দরপত্রের চাহিদা থাকলে বিক্রি করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার সর্ববৃহৎ তাহেরপুর হাটের ইজারার জন্য ২২ জানুয়ারি রাজশাহীর একটি স্থানীয় ও জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌরসভা কর্তৃপক্ষ। হাটের দরপত্র তাহেরপুর পৌরসভা, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের দপ্তর থেকে বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গত রোববার পর্যন্ত প্রথম পর্যায়ের দরপত্র বিক্রির শেষ দিন ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, তাহেরপুর পৌরসভা থেকে একটি, রাজশাহী জেলা প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে তিনটি করে মোট সাতটি দরপত্র বিক্রি করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, বাগমারা ইউএনওর দপ্তরে বিক্রির জন্য ১৬ ফেব্রুয়ারি তিনটি দরপত্র দেওয়া হয়। এর কিছুক্ষণ পর নাটোরের রমজান আলী, আজাহার আলী ও বাগমারার রামরামার মকবুল হোসেন নামের তিন ব্যক্তি সেগুলো আট হাজার টাকায় কিনে নিয়ে যান। ওই দিনে জেলা প্রশাসকের দপ্তরেও একই ঘটনা ঘটে। এর পর থেকে আর কোনো দরপত্র বিক্রির জন্য দেওয়া হয়নি দপ্তরগুলোতে।ভবানীগঞ্জের হাট ব্যবসায়ী আবদুস সোবহান অভিযোগ করেন, তিনি কয়েক দিন ধরে বাগমারা ইউএনওর কার্যালয় ও তাহেরপুর পৌরসভায় গিয়ে কোনো দরপত্র কিনতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দরপত্র কেনার টাকা জমা দিয়েও তা পাননি। শেষ দিনে জানানো হয়, পৌরসভা থেকে আর দরপত্র না পাওয়ায় তাঁকে দেওয়া সম্ভব হয়নি। পৌরসভা কর্তৃপক্ষ প্রায় এক কোটি টাকার হাটটি তাঁদের পছন্দের কাউকে কম দামে দেওয়ার জন্য বাইরে কোনো দরপত্র বিক্রি করেননি। নাটোরের ব্যবসায়ী বলয় বাগচী, রাজশাহীর সাজু ও বাগমারার জামগ্রামের শমসের আলী অভিযোগ করেন, কয়েক দিন ধরে দরপত্র কেনার জন্য পৌরসভায় গিয়েও পাননি। সর্বশেষ গত রোববারও তাঁরা দরপত্র কেনার জন্য গেলে তাঁদের কাছে আর কোনো শিডিউল নেই বলে ফেরত দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের অফিস সহকারী শহিদুল ইসলাম জানান, বিক্রির জন্য তাঁদের ১৬ ফেব্রুয়ারি তিনটি দরপত্র দেওয়া হয়েছিল, এর কিছুক্ষণ পরই তা বিক্রি হয়ে গেছে। পরে আর কোনো দরপত্র বিক্রির জন্য দেয়নি। শেষ দিনে রোববার পৌরসভায় দরপত্র আনার জন্য গেলে তাঁকে ফেরত পাঠানো হয়।তাহেরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব আশরাফ উদ্দিন আহমেদ বলেন, ‘দরপত্র মেয়রের কাছে ছিল। আমাদের কাছে দরপত্র না থাকায় অনেকে কিনতে এলেও তাঁদের দিতে পারিনি।’তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম বলেন, ‘গত কয়েক বছরের চেয়ে এবার বেশি দরপত্র বিক্রি করা হয়েছে। যারা হাট নিতে পারবেন না, তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসব অভিযোগ করছেন।’