চাহিদা থাকলেও প্রাণচাঞ্চল্য নেই সেমাইপল্লিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ‘চিকন সেমাইপল্লি’ হিসেবে খ্যাত শহরতলির বেজোড়া ঘাটপাড়া, বেজোড়া-শ্যাঁওলাগাতি, শ্যামবাড়িয়াসহ আশপাশের গ্রামগুলোতে সেমাই তৈরির বেশির ভাগ কারখানা বন্ধ। বৈরী আবহাওয়ার কারণে কারিগরদের দুর্দিন চলছে। সেমাই শুকাতে পারছেন না। ছবিটি শহরের বেজোড়া ঘাটপাড়া থেকে গতকাল তোলা l প্রথম আলো
বগুড়ার ‘চিকন সেমাইপল্লি’ হিসেবে খ্যাত শহরতলির বেজোড়া ঘাটপাড়া, বেজোড়া-শ্যাঁওলাগাতি, শ্যামবাড়িয়াসহ আশপাশের গ্রামগুলোতে সেমাই তৈরির বেশির ভাগ কারখানা বন্ধ। বৈরী আবহাওয়ার কারণে কারিগরদের দুর্দিন চলছে। সেমাই শুকাতে পারছেন না। ছবিটি শহরের বেজোড়া ঘাটপাড়া থেকে গতকাল তোলা l প্রথম আলো

প্রতিবছর ঈদ সামনে রেখে চাহিদা বেড়ে যাওয়ায় সরগরম হয়ে ওঠে বগুড়ার ‘চিকন সেমাইপল্লি’। ঘরে ঘরে সেমাই তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন কারিগরেরা। এবারও চাহিদার কমতি নেই। কিন্তু বর্ষাকালে ঈদ হওয়ায় সেমাইপল্লির কারিগরেরা হাত গুটিয়ে বসে রয়েছেন।
গতকাল বুধবার বগুড়ার ‘চিকন সেমাইপল্লি’ হিসেবে খ্যাত শহরতলির বেজোড়া ঘাটপাড়া, বেজোড়া-শ্যাঁওলাগাতি, শ্যামবাড়িয়াসহ আশপাশের গ্রামগুলোতে গিয়ে দেখা গেছে, সেমাই তৈরির বেশির ভাগ কারখানা বন্ধ। কোনো কোনো কারখানায় ঝুঁকি নিয়ে সেমাই তৈরি করছেন কারিগরেরা। কারখানার মেশিনে বানানো সেমাই বাড়ির উঠানে রোদে শুকাতে দেওয়া হয়েছে। থেমে থেমে বৃষ্টি নামায় সেমাই বাঁচানোর জন্য ওপরে পলিথিন দেওয়া হয়েছে।
বেজোড়া ঘাটপাড়ার কারিগর আবদুল কুদ্দুস জানান, বগুড়ার প্রসিদ্ধ চিকন সেমাই তৈরি শুরু হয় পাকিস্তান আমল থেকে। তখন ভারত ও পাকিস্তান থেকে কয়েকজন কারিগর চিকন সেমাই তৈরির কৌশল শিখে আসেন। এরপর শহরতলির গোদারপাড়া এলাকায় সেমাই তৈরি শুরু হয়। দেশ স্বাধীন হওয়ার পর শ্যাওলাগাতির দুলু মিয়া নামের একজন কারিগর সেমাই তৈরি শুরু করেন। তাঁর হাত ধরে শাহের আলী, খোকা মিয়া, জাবেদ আলী এবং তিনি (আবদুল কুদ্দুস) চিকন সেমাই তৈরির কারখানা দেন। অল্প দিনেই বেজোড়া এলাকা ‘সেমাইপল্লি’ হিসেবে খ্যাতি পায়।
আবদুল কুদ্দুস জানান, পল্লিতে কিছুদিন আগেও অর্ধশত কারখানা চালু ছিল। ঢাকার নামীদামি কোম্পানি ফরমায়েশ দিয়ে প্যাকেটজাত চিকন সেমাই কিনে নিত। কিন্তু বর্ষাকালে ঈদ হওয়ার কারণে এখন বেশির ভাগ কারখানা বন্ধ। কয়েকটি কারখানা চালু থাকলেও উৎপাদন খুব কম হচ্ছে।
কারিগর আবদুর রশিদ জানান, ঈদে চিকন সেমাইয়ের প্রচুর চাহিদা থাকে। অনেক ব্যবসায়ী ও অভিজাত কোম্পানির মালিকেরা ফরমায়েশ নিয়ে এসেছিলেন। কিন্তু বর্ষা-বাদলের কারণে কেউ ফরমায়েশ নেওয়ার সাহস পাননি।
ইউনুস আলী নামের আরেক কারিগর জানান, অধিকাংশ কারখানা বন্ধ। যেসব কারখানা চালু রয়েছে, সেখানে উৎপাদনের পরিমাণ খুবই কম। তিনি বলেন, ‘বাজার ভালো, ময়দার দামও নিয়ন্ত্রণে, আশা করেছিলাম এবার ভালো ব্যবসা হবে। কিন্তু আবহাওয়া সব মাটি করে দিচ্ছে। রোদের অভাবে সেমাই শুকানো যাচ্ছে না।’
পল্লিতে সেমাই কিনতে আসা পাইকারি ব্যবসায়ী আবদুল খালেক বলেন, ‘চাহিদা অনেক কিন্তু উৎপাদন নেই। উৎপাদনের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়ে গেছে। এক সপ্তাহ আগে প্রতি মণ সেমাই কিনেছি ৮০০ টাকায়। এখন কিনছি এক হাজার টাকায়।’