চাহিদা না থাকায় জনশক্তি রপ্তানি কমছে: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চাহিদা কমে যাওয়ায় বিদেশে বাংলাদেশি জনশক্তি রপ্তানি কমছে। এ সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। তবে কবে নাগাদ এর সুফল পাওয়া যাবে সে ব্যাপারে মন্ত্রী কিছু বলেননি।দক্ষিণ কোরিয়া সফর শেষে গতকাল রোববার মন্ত্রী তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া একটি সম্ভাবনাময় দেশ। কিন্তু বাংলাদেশের অনেক কর্মী সেখানে গিয়ে বেশি বেতনের লোভে তিন মাসের মাথায় অন্য কোম্পানিতে যোগ দেন। এতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। কোম্পানির মালিকেরাও বাংলাদেশ থেকে লোক নেওয়া কমিয়ে দিয়েছে। এমন হলে বাংলাদেশ থেকে লোক নেওয়া শূন্যের কোটায় নেমে আসতে পারে। মন্ত্রী বলেন, ‘আমরা দক্ষিণ কোরিয়া সরকারকে আশ্বস্ত করে বলেছি এমনটি আর হবে না। ফলে দেশটি বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে।’ মন্ত্রী জানান, এখন থেকে কোনো বাংলাদেশি শ্রমিক দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে তাঁর কাছ থেকে লিখিত নেওয়া হবে। শর্ত অনুযায়ী সেখানে সুনির্দিষ্ট কারণ ছাড়া তাঁরা কোম্পানি বদলাতে পারবেন না। যদি বদলান তাহলে তাঁকে জরিমানা করা হবে বা দেশে ফিরিয়ে আনা হবে। মন্ত্রী জানান, ২০০৭ সালে আট লাখ ৩২ হাজার ৬০৯ জন এবং ২০০৮ সালে আট লাখ ৭৫ হাজার ৫৫ জন কর্মী বিদেশে গিয়েছিল। ২০০৯ সালে এই সংখ্যা কমে হয় চার লাখ ৭৫ হাজার ২৭৮ জন। ২০১০ সালের নয় মাসে দুই লাখ ৯১ হাজার ৯০৪ জন কর্মী বিদেশে গিয়েছেন। বন্ধ বাজারগুলো সম্পর্কে তিনি বলেন, অনেক দেশে বাংলাদেশের কোটা শেষ হয়ে গেছে। তাই তারা আর লোক নিচ্ছে না। শ্রম শাখা হচ্ছে ইতালিতে: বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান বলেছেন, সরকার ইতিমধ্যেই বিশ্বের ১৩টি দেশে শ্রম শাখা খুলেছে। শিগগিরই ইতালিতে শ্রম শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত নিরাপদ অভিবাসনবিষয়ক জাতীয় পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান স্টিফেন ফ্রোয়েন বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহায়তায় ইতালীয় সংস্থা টেরে ডেস হোমস এবং বাংলাদেশের ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। বিএমইটির মহাপরিচালক খুরশীদ আলম চৌধুরী কর্মশালায় সভাপতিত্ব করেন।